প্রিয় মোনালিসা

প্রথমবারের মতো অনলাইনে চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। এতে অসংখ্য চিঠি এসে জমা হয়। প্রতিযোগিতায় সমন্বয়ক ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান। বিচারকদের যাচাই বাছাইয়ের পর সেরা চিঠিগুলো প্রকাশ করা হলো।

প্রিয় মোনালিসা,

কত সময় গড়িয়ে ধূসর গোধূলির রেখা পড়েছে জীবনে। ভুলে যেতে বসেছি—ঠিক কবে দিনক্ষণ ঠিক করে কাগজ-কলম নিয়ে বসে পড়েছি চিঠি লিখব, কোণে এঁকে দেব কোনো বুনো ফুলের ছবি। জানিস, আজকে আমি সব ভুলকে ভুলিয়ে আবার বসে পড়েছি কাঠের টেবিলটার সামনে। খোলা ডায়েরির পাতায় তোকে লিখব। হুম, আজ তোকে চিঠি লিখব বলে।

মনে আছে, কাগজের ওপর গোটা গোটা অক্ষরে অবিন্যস্ত শব্দগুলো কেমন করে যেন কথা হয়ে উঠত আমাদের? পরম যত্নে লুকিয়ে রাখতাম পুরোনো বাক্সটার কোণে। কৈশোরের সেই পুকুরপাড়ে মন এখনো উঁকি দেয়—গাছের ডালে বসে থাকা সেই ডানপিটে মেয়েটি হয়ে। স্কুল ফাঁকি দেওয়ার নিমিত্তে নিয়ম করে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর কত ফন্দি আঁটতে গিয়ে দুজন মিলে নাকানিচুবানি খেয়েছি বড় বোনের কাছে, মনে পড়ে বন্ধু?

আজকাল চারপাশের ইট-কাঠের নির্জীব নীরবতাকে ছাপিয়ে কানে বেজে ওঠে আমাদের মেঠোপথের প্রাণখোলা কলহাস্য। চুপিচুপি উঠতে থাকা চাঁদের নরম আলোয় বসে শোনা নানুর রূপকথার গল্প, সত্যি কি রাজপুত্র আসে ঘোড়ায় চড়ে? অথবা জলে ভাসিয়ে দেওয়া কাগজের নৌকাগুলো, তারা কি কখনো ফেরে ঘাটে?

আরও পড়ুন

জীবন কীভাবে আমাদের সেই রঙিন কাগজের নৌকা থেকে আছড়ে ফেলল কংক্রিটের বুকে! হিসাব মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে যেতে হয় সংসারের চাল-ডাল আর মাসকাবারি খরচের। যে হাত দুটো দিয়ে তোকে বুনো ফুল আঁকা চিঠি লিখতাম, সেই আঙুলগুলো আজ বড় শক্ত আর কড়া পড়ে গেছে যে!

তবু ধূলিমলিন আঙুলগুলো দিয়ে চিঠি লিখতে বসে আজ সবুজে ছেয়ে গেল হৃদয়। সময় আর জীবনের হিসাব-নিকাশ আমাদের বদলে দিতেই পারে, প্রকৃতির নিয়মে রুদ্ধ আমরা।
কিন্তু আমাদের শৈশব আর বুনো ফুলের গন্ধ আজও নিখাদ আছে। হয়তো ডাকপিয়ন এই চিঠি নিয়ে তোর দরজায় কড়া নাড়বে না; তবু জেনে রাখিস মোনালিসা, আমার এই ক্লান্ত মনটার একচিলতে নিশ্চিন্ত আশ্রয় আজও তুই। শহরের এই ইট-কাঠের ভিড়ে কখনো যদি একা লাগে, তবে খোলা আকাশের দিকে তাকিয়ে এক কাপ চা হাতে নিস; ভেবে নিস, আমি ঠিক তোর ডান পাশেই বসে আছি।

বন্ধু আমার, তুই আমার চায়ের কাপে প্রথম চুমুক! বইয়ের পাতার ভাঁজে রংচটা শুকনো কৃষ্ণচূড়ার মতো লুকিয়ে থাকা একফালি স্বস্তি!
ভালোবাসা নিস।

ইতি,
তোর সেই পুরোনো ডানপিটে বন্ধু লিমা

ধানমন্ডি, ঢাকা