স্পেনের পাসিং নাকি ফ্রান্সের গতি, দুই দর্শনের দ্বৈরথে জিতবে কে
সেমিফাইনাল মানেই চাপ, প্রত্যাশা আর ইতিহাস গড়ার হাতছানি। বিশ্বকাপের মঞ্চে কিছু ম্যাচ কেবল একটি ফাইনালের টিকিট নির্ধারণ করে না, সেগুলো ফুটবল ইতিহাসের অংশ হয়ে যায়। ফ্রান্স-স্পেন সেমিফাইনালও তেমনই এক লড়াই হতে যাচ্ছে। যেখানে মুখোমুখি হচ্ছে আধুনিক ফুটবলের দুই ভিন্ন দর্শন। একদিকে বলের দখল, ছন্দ ও সৃজনশীলতার স্পেন; অন্যদিকে গতি, শারীরিক শক্তি ও বিধ্বংসী আক্রমণের ফ্রান্স।
ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে একদিকে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন। পুরো টুর্নামেন্টে নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি ফ্রান্স। অন্যদিকে স্পেন পাঁচ ম্যাচে মাত্র একটি গোল হজম করে নিজেদের রক্ষণভাগের দৃঢ়তার প্রমাণ দিয়েছে। ফলে ফাইনালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মঞ্চে দুই দলই আত্মবিশ্বাসে টইটম্বুর।
এবারের বিশ্বকাপে শুরু থেকেই নিজেদের অন্যতম ফেবারিট হিসেবে প্রতিষ্ঠা করেছে ফ্রান্স। গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রেখে নকআউট পর্বে সুইডেনকে ৩-০ গোলে হারায় তারা। শেষ আটে ওঠার পথে প্যারাগুয়েকে হারায় ১-০ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে আফ্রিকার প্রতিনিধি মরক্কোকেও ২-০ গোলে বিদায় করে শেষ চারে জায়গা করে নেয় দিদিয়ের দেশমের দল।
আরও বিস্ময়কর বিষয় হলো, নকআউট পর্বে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি ফ্রান্স। মাইক মেনিয়াঁ, উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানোর নেতৃত্বে গড়ে ওঠা রক্ষণভাগ টুর্নামেন্টের অন্যতম সেরা ডিফেন্সিভ ইউনিটে পরিণত হয়েছে।
অন্যদিকে স্পেনের যাত্রা ছিল আক্রমণাত্মক ফুটবলের এক উজ্জ্বল প্রদর্শনী। শেষ ষোলোতে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পর্তুগালের মতো শক্তিশালী দলকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় তারা। এরপর বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট কাটে লা রোজা।
পুরো টুর্নামেন্টে স্পেন নিজেদের অন্যতম আক্রমণাত্মক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গোল করার পাশাপাশি প্রতিপক্ষের ওপর অবিরাম চাপ সৃষ্টি করার ক্ষমতাও দেখিয়েছে তারা।
দুই দলের দর্শন সম্পূর্ণ ভিন্ন। লুইস দে লা ফুয়েন্তের স্পেন বিশ্বাস করে বলের দখলে, ধৈর্য আর সৃজনশীলতায়। মাঝমাঠের ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করাই তাদের প্রধান শক্তি। বিপরীতে দিদিয়ের দেশমের ফ্রান্স অনেক বেশি বাস্তববাদী। তারা জানে, বড় ম্যাচ জিততে সব সময় বলের দখলে এগিয়ে থাকতে হয় না; বরং দ্রুত পাল্টা আক্রমণ, শারীরিক শক্তি এবং সুযোগকে কাজে লাগানোর দক্ষতাই হতে পারে সাফল্যের চাবিকাঠি।
প্রতিটি বড় ম্যাচেরই একটি প্রতীকী লড়াই থাকে। এই ম্যাচে সেটি হতে পারে কিলিয়ান এমবাপ্পে বনাম লামিনে ইয়ামাল। ফরাসিদের আক্রমণের প্রধান ভরসা কিলিয়ান এমবাপ্পে; যিনি এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন। ইতিমধ্যে নিজের নামের পাশে যোগ করেছেন ৮টি গোল। অন্যদিকে স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল নিজের গতিময়তা ও সৃজনশীলতায় ইতিমধ্যে ফুটবল–বিশ্বকে মুগ্ধ করেছেন। তাঁদের ব্যক্তিগত নৈপুণ্যই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।
শুধু এমবাপ্পে কিংবা ইয়ামাল নন, এই ম্যাচে আরও অনেকেই হতে পারেন পার্থক্য গড়ে দেওয়া নায়ক। ফ্রান্সের হয়ে ওসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও ডিজিরে দুয়ে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রক্ষণে উইলিয়াম সালিবা ও থিও হার্নান্দেজের অভিজ্ঞতা ফরাসিদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
স্পেনের হয়ে নিকো উইলিয়ামস, পেদ্রি ও অধিনায়ক আলভারো মোরাতার ওপরও থাকবে বাড়তি দায়িত্ব। বিশেষ করে নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামালের দুই প্রান্তের গতি যেকোনো রক্ষণভাগকে বিপদে ফেলতে পারে।
স্পেনের শক্তি যদি হয় বলের নিয়ন্ত্রণ, তবে ফ্রান্সের শক্তি সেই নিয়ন্ত্রণ ভেঙে মুহূর্তেই আক্রমণে চলে যাওয়া। ফলে মাঝমাঠের এই লড়াইটিই হয়তো নির্ধারণ করবে ম্যাচের গতিপথ। স্পেনের রদ্রি, পেদ্রি ও ফাবিয়ান রুইস যদি নিজেদের পরিচিত পাসিং ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে ম্যাচের গতি অনেকটাই তাঁদের নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে ফ্রান্সের অরেলিয়েঁ চুয়ামেনি ও আদ্রিয়াঁ রাবিওর কাজ হবে সেই ছন্দ ভেঙে দেওয়া এবং বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে যাওয়ার সুযোগ তৈরি করা।
আধুনিক ফুটবলে ট্রানজিশনের গুরুত্ব অনেক বেড়েছে। তাই মাঝমাঠের এই লড়াইয়ে যে দল আধিপত্য বিস্তার করবে, তারাই হয়তো ফাইনালের দরজায় এক পা এগিয়ে যাবে।
সম্ভাব্য একাদশের দিকেও নজর থাকবে সবার। ফ্রান্স ৪-২-৩-১ ছকে মাঠে নামতে পারে। গোলবারের নিচে মাইক মেনিয়াঁ; রক্ষণে জুল কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো ও থিও হার্নান্দেজ; মাঝমাঠে অরেলিয়াঁ চুয়ামেনি ও আদ্রিয়াঁ রাবিও; আক্রমণভাগে ওসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ডিজিরে দুয়ে এবং সামনে কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকে স্পেনের সম্ভাব্য ৪-৩-৩ ছকে থাকতে পারেন উনাই সিমোন; পেদ্রো পোরো, রবিন লে নরমাঁ, পাও কুবারসি ও মার্ক কুকুরেয়া; মাঝমাঠে রদ্রি, পেদ্রি ও ফাবিয়ান রুইস; আক্রমণে লামিনে ইয়ামাল, আলভারো মোরাতা ও নিকো উইলিয়ামস।
ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, দুই দল এ পর্যন্ত ৩৮ বার মুখোমুখি হয়েছে। সেখানে স্পেনের জয় ১৮টি, ফ্রান্সের ১৩টি এবং ড্র হয়েছে ৭টি ম্যাচ। সাম্প্রতিক পাঁচ মুখোমুখি লড়াইয়ে সামান্য এগিয়ে স্পেন। এই সময়ে স্প্যানিশরা জিতেছে তিনবার, আর ফ্রান্সের জয় দুটি। তবে বড় মঞ্চের ম্যাচগুলোতে পরিসংখ্যানের চেয়ে মুহূর্তের সিদ্ধান্ত, মানসিক দৃঢ়তা এবং ব্যক্তিগত নৈপুণ্যই বেশি প্রভাব ফেলে।
পরিসংখ্যান, ইতিহাস, সাম্প্রতিক ফর্ম কিংবা তারকাদের নাম—সবকিছু মিলিয়ে ফ্রান্স ও স্পেনকে আলাদা করা কঠিন। একদিকে স্পেনের শিল্প, বলের দখল, ছন্দ ও সৃজনশীলতা; অন্যদিকে ফ্রান্সের অভিজ্ঞতা, গতি, শারীরিক শক্তি এবং সুযোগকে কাজে লাগানোর অসাধারণ দক্ষতা। দুই দলের শক্তির ধরন ভিন্ন হলেও লক্ষ্য একটাই—বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো।
তাই ডালাসের এই সেমিফাইনাল কেবল একটি ফুটবল ম্যাচ নয়, এটি আধুনিক ফুটবলের দুই দর্শনের লড়াই। তরুণদের নির্ভীকতা ও অভিজ্ঞতার পরিণত বোধের লড়াই। লামিনে ইয়ামালের স্বপ্ন দেখার বয়সের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের প্রতিষ্ঠিত তারকাখ্যাতির মুখোমুখি হওয়ার গল্প। দিদিয়ের দেশমের বাস্তববাদী কৌশলের বিপরীতে লুইস দে লা ফুয়েন্তের আক্রমণাত্মক দর্শনেরও এক পরীক্ষা।
বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল প্রায়ই জন্ম দিয়েছে অবিস্মরণীয় কিছু মুহূর্তের—শেষ মুহূর্তের গোল, অপ্রত্যাশিত নায়কের আবির্ভাব কিংবা কোনো এক তারকার জাদুকরি পারফরম্যান্স। ফ্রান্স-স্পেন লড়াইটিও তেমন একটি রাত হয়ে উঠতে পারে, যে রাতের গল্প ফুটবলপ্রেমীরা বহু বছর ধরে মনে রাখবেন।
ডালাসের রাত শেষ হবে একজনের উল্লাস আর অন্যজনের আক্ষেপ দিয়ে। কিন্তু নব্বই মিনিটের এই লড়াই হয়তো ফুটবল বিশ্বকে উপহার দেবে আরেকটি স্মরণীয় সেমিফাইনাল—যার গল্প বলা হবে বহু বছর ধরে। শেষ হাসি কি হাসবে স্পেনের শিল্পীসুলভ ফুটবল, নাকি ফ্রান্সের কার্যকর ও বিধ্বংসী আক্রমণ? উত্তর মিলবে সবুজ ঘাসের মাঠেই।
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা