বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কি সত্যিই নতুন যুগ শুরু হলো
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ের ইতিহাস নতুন নয়। ২০১৭ সালে মিরপুরে ২০ রানে জিতে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। ৯ বছর পর সেই সাফল্যের গল্পে এবার যোগ হলো আরও বড় একটি অধ্যায়—অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ শুধু একটি ঐতিহাসিক জয়ই পেল না, টেস্ট ক্রিকেটে নিজেদের এগিয়ে যাওয়ার পথেও যেন আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল।
২০১৭ সালের মিরপুরের জয়টি বাংলাদেশের জন্য ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সাফল্য। সেই ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ক্যাঙ্গারুদের ২০ রানে হারিয়েছিল টাইগাররা। কিন্তু এবার গল্পটা সম্পূর্ণ ভিন্ন। প্রতিপক্ষের মাঠে, ভিন্ন কন্ডিশনে এবং অস্ট্রেলিয়ার শক্তিশালী টেস্ট দলের বিপক্ষে চার দিনের মধ্যে ৯ উইকেটের জয়—সাফল্যের মাত্রাটিও তাই আলাদা।
জয়টা শুধু ব্যবধানের নয়। ডারউইন টেস্টে বাংলাদেশের জয় এসেছে কোনো একক নৈপুণ্যে নয়; ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিক দলীয় পারফরম্যান্সের মাধ্যমে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর বাংলাদেশ করে ৪২৬ রান। অর্থাৎ, প্রথম ইনিংসেই ২২৮ রানের বিশাল লিড। তানজিদ হাসান তামিম নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বল হাতে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর পুরো ম্যাচে তাঁর শিকার দাঁড়ায় ৯ উইকেটে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেটের সামনে ২৮৪ রানেই থেমে যায় স্বাগতিকেরা। সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান, যা এক উইকেট হারিয়েই পেরিয়ে যায় তারা। অর্থাৎ, জয়টি শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নয়; এটি এমন একটি পারফরম্যান্স, যেখানে বাংলাদেশ ব্যাটিংয়ে বড় রান করেছে, পেসে আঘাত হেনেছে এবং স্পিনেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অস্ট্রেলিয়ার মাটিতে এমন পূর্ণাঙ্গ পারফরম্যান্সই এই জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
ডারউইনের জয়কে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বদলে যাচ্ছে বাংলাদেশের টেস্ট পরিচয়। গত কয়েক বছরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ধীরে ধীরে পরিবর্তনের ছবি দেখা যাচ্ছে। ২০২২ সালে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ আট উইকেটে জিতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় পেয়েছিল। এরপর ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়। পাকিস্তানের মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়; পরে দুই টেস্টের সিরিজও ২–০ ব্যবধানে জিতে নেয় লাল–সবুজের পতাকাধারীরা। বিদেশের মাটিতে এসব সাফল্য গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। একসময় বাংলাদেশের টেস্ট সাফল্য মূলত দেশের কন্ডিশনকেন্দ্রিক বলে বিবেচিত হতো। এখন সেই ধারণা ধীরে ধীরে বদলাচ্ছে। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং এবার অস্ট্রেলিয়ার মতো ভিন্ন ভিন্ন কন্ডিশনে জয় প্রমাণ করছে, বাংলাদেশ কঠিন পরিবেশেও প্রতিদ্বন্দ্বিতা করতে শিখছে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ঐতিহ্যগত শক্তি স্পিন। দেশের মাটিতে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজদের ওপর নির্ভর করে অনেক সাফল্য এসেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের নতুন আত্মবিশ্বাসের নাম পেস আক্রমণ। বিদেশের মাটিতে নিয়মিত সাফল্য পেতে হলে পেস বোলিংয়ে শক্তিশালী হওয়া জরুরি। ডারউইন টেস্ট সেই জায়গায় বাংলাদেশকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে।
হাসান মাহমুদের ক্যারিয়ার–সেরা ৬/৫৫ এবং পুরো ম্যাচে ৯ উইকেটের পারফরম্যান্স দেখিয়েছে, বাংলাদেশের পেসাররা এখন শুধু সহায়ক ভূমিকায় নেই; তাঁরা ম্যাচ জেতানোর ক্ষমতাও রাখেন। অন্যদিকে মিরাজের পাঁচ উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৬৫ রান বাংলাদেশের বোলিং আক্রমণের বৈচিত্র্যও তুলে ধরেছে।
অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানোর প্রভাব শুধু বাংলাদেশের আত্মবিশ্বাসে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি জয় গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাস্তবতায় এমন জয় বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বিদেশের মাটিতে পাওয়া প্রতিটি জয় পয়েন্ট সংগ্রহের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বাংলাদেশের অবস্থান শক্ত করার সুযোগ তৈরি করে। সবচেয়ে বড় বিষয়, বড় দলের বিপক্ষে জয়ের মানসিক বাধা এখন আরও কমবে। তরুণ ক্রিকেটাররা দেখছেন—স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিনদের মতো বিশ্বমানের ব্যাটারদের বিপক্ষেও সফল হওয়া সম্ভব; মিচেল স্টার্কদের মতো বোলারদের সামনেও বড় ইনিংস খেলা সম্ভব। এই বিশ্বাসই দীর্ঘ মেয়াদে একটি দলের মানসিক কাঠামো বদলে দিতে পারে।
তবে একটি জয় দিয়ে বাংলাদেশকে টেস্টের পরাশক্তি বলা যাবে না; বরং আসল চ্যালেঞ্জ এখন এই সাফল্যকে ধারাবাহিকতায় রূপ দেওয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরের ম্যাচ এবং ভবিষ্যতের বিদেশ সফরগুলোতেই প্রমাণ করতে হবে, ডারউইন কোনো আকস্মিক সাফল্য ছিল না। তবু ইতিহাসের জায়গা থেকে ডারউইনের জয় আলাদা। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার বুঝেছিল, এই দলকে হারানো সম্ভব। ২০২৬ সালে ডারউইনে গিয়ে টাইগাররা আরও বড় বার্তা দিল—শুধু হারানো নয়, তাদের মাটিতেও আধিপত্য বিস্তার করে জেতা সম্ভব।
তাই অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য শুধু একটি নতুন রেকর্ড নয়। এটি গত কয়েক বছরে তৈরি হওয়া উন্নতির ধারার একটি বড় স্বীকৃতি। এখন প্রয়োজন সেই বিশ্বাসকে ধারাবাহিক পারফরম্যান্সে পরিণত করা। তাহলেই ডারউইনের জয় একটি ঐতিহাসিক ম্যাচের স্মৃতি না হয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হবে। এই জয় বিশ্বাস করার সাহস জোগাবে যে ক্রিকেটের সবচেয়ে কঠিন মঞ্চেও বাংলাদেশ এখন শুধু অংশ নিতে নয়, জিততেও পারে।
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা