ফেসবুকের মানুষটি কি সত্যিই বাস্তবের মানুষ
ফেসবুকে প্রতিদিন আমরা অসংখ্য মানুষের জীবন দেখি। কেউ হাসছেন, কেউ ঘুরছেন, কেউ সাফল্যের গল্প বলছেন, কেউ লিখছেন মন খারাপের কথা। এসব দৃশ্য দেখে অজান্তেই আমরা মানুষগুলো সম্পর্কে ধারণা তৈরি করে ফেলি। কিন্তু একটি ছবি কি কখনো একজন মানুষের পুরো গল্প বলতে পারে?
ফেসবুকের নিউজফিডে একটি ছবি ভেসে উঠল। পরিচিত একজন। মুখভরা হাসি, পরনে নতুন পোশাক, পেছনে সমুদ্রের নীল জল। ক্যাপশন, ‘জীবন সুন্দর।’
ছবিতে লাইক পড়ছে, মন্তব্য আসছে। কেউ লিখেছেন, ‘ভাই, জীবন তো উপভোগ করছ!’ কেউ বলেছেন, ‘তোমাকে দেখে মনে হয়, তোমার জীবনে কোনো দুঃখই নেই।’
কিন্তু ছবির মানুষটি জানে, এই ছবির গল্পটি এত সরল নয়। ছবিটি তোলার কয়েক ঘণ্টা আগে হয়তো তাঁর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হয়তো প্রিয় কোনো মানুষ তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। হয়তো পরিবারের কাউকে নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় আছেন। অথবা হয়তো কিছুই হয়নি। তিনি সত্যিই ভালো আছেন। তবে আমরা কোনোটিই জানি না।
তবু একটি ছবির ওপর ভিত্তি করে আমরা মানুষটির জীবন সম্পর্কে কত কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটাই সামাজিক যোগাযোগমাধ্যমের অদ্ভুত এক বাস্তবতা। এখানে আমরা মানুষের পুরো জীবন দেখি না, দেখি তাঁর জীবনের নির্বাচিত কিছু মুহূর্ত। যে মুহূর্তগুলো সে নিজে প্রকাশ করতে চান, কিংবা প্রকাশ করা তাঁর জন্য স্বস্তির।
আনন্দের ছবি থাকে, সাফল্যের খবর থাকে, ভ্রমণের স্মৃতি থাকে। কিন্তু রাত জেগে কাঁদার গল্প থাকে না। ব্যর্থতার ভয় থাকে না। নিজের সঙ্গে নিজের লড়াইয়ের খবরও থাকে না। তবু আমরা বলে দিই, ‘লোকটা খুব অহংকারী!’
কেউ নিয়মিত ঘুরতে গেলে মনে হয়, তাঁর জীবন খুব বিলাসী। কেউ কবিতা লিখলে তাঁকে অতিরিক্ত আবেগপ্রবণ মনে হয়। কেউ নীরব থাকলে তাঁকে ভাবা হয় নীরস বা অসামাজিক। কিন্তু মানুষ কি সত্যিই তাঁর ফেসবুক প্রোফাইলের মতো? না। একজন মানুষ তাঁর প্রোফাইল ছবির চেয়ে বড়। তাঁর ক্যাপশনের চেয়ে গভীর।
যে মানুষটি প্রতিদিন হাসির ছবি দেন, তাঁরও মন খারাপ হতে পারে। যে মানুষটি ভ্রমণের ছবি দেন, তাঁরও জীবনে ক্লান্তি থাকতে পারে। যে মানুষটি সব সময় অন্যকে সাহস দেন, তাঁর নিজেরও হয়তো কখনো কাউকে পাশে খুব দরকার হয়। আমরাও তো ফেসবুকে নিজেদের পুরোটা দেখাই না। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করি। হাসির ছবি পোস্ট করি। অর্জনের খবর জানাই। কিন্তু জীবনের সব অন্ধকার কি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরি?
একটি ছবি মিথ্যা নয়। কিন্তু একটি ছবি কখনো পুরো সত্যও নয়। এটি কেবল সত্যের একটি মুহূর্ত। ফেসবুকে কারও ছবি দেখে সিদ্ধান্তে পৌঁছানোর আগে একটু থামা যেতে পারে। হয়তো যে মানুষটিকে অহংকারী মনে হচ্ছে, তিনি আসলে ভীষণ লাজুক। যাঁকে সুখী মনে হচ্ছে, তিনি হয়তো নিজের ভেতরে কোনো অদৃশ্য যুদ্ধ লড়ছেন। আবার যে মানুষটিকে খুব সাধারণ মনে হচ্ছে, তাঁর ভেতরে হয়তো লুকিয়ে আছে অসাধারণ কোনো গল্প। কারণ, আমরা ছবির ফ্রেম দেখি, ফ্রেমের বাইরে থাকা জীবন দেখি না।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা