আপনার বন্ধুর মধ্যে এই চারটি গুণ আছে?

মনের মতো বন্ধু থাকলে জীবন সহজ ও সুন্দর হয়ছবি: ফ্রিপিক

আমার এক বন্ধু আছে। একমাত্র ভালো বন্ধু। সে এখন জার্মানিতে থাকে। মাঝেমধ্যে কথা হয়। যখন কথা হয়, ঘণ্টারও বেশি সময় ধরে আড্ডা দিই। ওর সঙ্গে কথা বললে মনে হয়, সময় খুবই দ্রুত চলে যায়। জীবনের প্রায় সবকিছুই ওর সঙ্গে শেয়ার করতে পারি। আমাদের মধ্যে কোনো দেয়াল নেই। আগে যখন ঢাকায় থাকত, সপ্তাহে অন্তত দু-তিন দিন আমাদের দেখা হতো। সুখ-দুঃখ নিয়ে আলাপ করতাম, হাসি-গল্প করতাম। আমি খুবই প্রাইভেট মানুষ। কারও সঙ্গেই নিজের ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে কথা বলি না। তবে ওর সঙ্গে কিছুই লুকাই না।

বন্ধুটির সঙ্গে কথা বললে মন হালকা হয়। জীবন নিয়ে অনুপ্রাণিত হই। আমি নিজে পজিটিভ মানুষ। ওর সঙ্গে কথা বললে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়।

প্রত্যেকের জীবনেই এমন বন্ধু আছে। আবার কেউ হয়তো বলতে পারে, তার জীবনে এমন মানুষ নেই। হতেই পারে। তবে জীবনে বন্ধু প্রয়োজন। চার ধরনের বন্ধু আছে, যারা আপনার জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। এই বন্ধুরা হলো দ্য এনকারেজার, দ্য টেইলার, দ্য ইনকোয়ারার এবং দ্য রিডার। আবার এই চার ধরনের গুণ একজনের মধ্যেও থাকতে পারে।

দ্য এনকারেজার
এ ধরনের বন্ধুরা আপনার ওপর অতটা বিশ্বাস করে, যতটা হয়তো আপনি নিজে নিজের ওপর বিশ্বাস করেন না। এমনকি তারা জানে, কীভাবে সেই বিশ্বাসকে আপনার মধ্যে সম্ভবে রূপান্তর করা যাবে। ধরুন, আপনার মনে হয়, আপনি ভালো লিখতে পারবেন। কিন্তু কিছুটা লেখার পর মনে হলো, হচ্ছে না কিছুই। আত্মবিশ্বাস পাচ্ছেন না। লেখা বন্ধ করে দিলেন। তখন আপনার ওই বন্ধু আপনাকে বলল, ‘শুরুতেই থেমে গেলে চলবে না। তুমি নিয়মিত বই পড়ো, কল্পনাশক্তিও ভালো। সাম্প্রতিক বিশ্ব নিয়েও ভালো জ্ঞান রাখো। লেখালেখির সব গুণই তোমার মধ্যে আছে। এখন দরকার শুধু লিখে যাওয়া। মাঝেমধ্যে ফেসবুকে লিখো যে, সেগুলো কিন্তু ভালোই লাগে।’

এই কথা শুনে আপনার মধ্যে উৎসাহ বাড়ল। আত্মবিশ্বাসের যে ঘাটতি ছিল, সেটাও নিমিষেই দূর হয়ে গেল। সাহস করে বড় একটা গল্প বা প্রবন্ধ লিখেও ফেললেন।
এখানে বন্ধুটি আপনাকে শুধু উৎসাহ দেয়নি, বরং আপনার দক্ষতা ও বিশেষত্বের জায়গাটিও দেখিয়ে দিয়েছে, যা আপনার মধ্যে নিজের ওপর বিশ্বাস আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন

দ্য টেইলার
এ ধরনের বন্ধুরা সত্যিকার অর্থেই আপনাকে সময় দেবে। আপনার বিপদ–আপদে পাশে দাঁড়াবে। মার্কিন গবেষক সারা অ্যালগো ও কাইলি চ্যান্ডলার এই গুণকে ‘সাড়া প্রদান’ বলে উল্লেখ করেছেন। তাঁরা যুক্তি দিয়েছেন, এটি এমন এক বিষয়, যা কৃতজ্ঞতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বন্ধুরা যত্ন ও সময় নিয়ে তাঁদের ভালোবাসার প্রকাশ ঘটাবে। তাঁরা আপনার পছন্দ-অপছন্দ জেনে নেবে। আপনাকে বিশেষ ফিল করানোর জন্য চেষ্টা করবে।

দ্য ইনকোয়ারার
আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই এমন কিছু বিষয় বা ঘটনা থাকে, যেগুলো আমরা প্রকাশ্যে আনতে চাই না। নিজেদের মধ্যেই রেখে দিই। ‘দ্য ইনকোয়ারার’ টাইপের বন্ধুরা আপনার সেই ঘটনা এবং ভেতরের মানুষটাকেও জানার চেষ্টা করবে। অন্যরা যে প্রশ্ন সব সময় এড়িয়ে যায়, তারা সেটা জিজ্ঞেস করবে। কারণ, তারা আপনাকে গুরুত্ব দেয় এবং পুরো মানুষটাকে জানতে চায়।

এ ধরনের বন্ধুরা আগ্রহ নিয়ে জানতে চাইবে আপনার ধর্ম, রাজনীতি ও জীবন নিয়ে দৃষ্টিভঙ্গির বিষয়ে। তবে আপনার মতাদর্শ ভুল না সঠিক—এটা প্রমাণের জন্য নয়। বরং একজন মানুষ হিসেবে আপনাকে পুরোপুরি জানার জন্য। তারা আপনার মতাদর্শকে শ্রদ্ধা করবে, যদি সেটা নিজের সঙ্গে না-ও মেলে। তখন আপনি নিজেও অনুভব করবেন, তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে।

দ্য রিডার
কোথাও ঘুরতে গিয়েছেন, কয়েকজনের সঙ্গে মিলে আড্ডা দিচ্ছেন—এমন পরিস্থিতিতে কখনো কি মনে হয়েছে, আপনি এই আড্ডায় ঠিক মন বসাতে পারছেন না? অথবা আড্ডার বিষয়বস্তু আপনি ঠিক বুঝতে পারছেন না?

আমরা প্রত্যেকেই কখনো না কখনো এমন পরিস্থিতিতে পড়ে থাকি। ‘দ্য রিডার’ হলো সেই বন্ধু যে আপনার এ বিষয়ে খেয়াল করবে এবং আপনাকে আড্ডায় স্বাচ্ছন্দ্যবোধ করাতে কোনো একটা উপায় খুঁজে বের করবে।

তবে এর মানে এই নয় যে আপনার মনে কী চলছে, সেটা সে বুঝতে পারবে। বুঝতে পারে, আবার না-ও বুঝতে পারে। তবে তারা এটা বুঝতে পারবে যে আপনি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বা মন বসছে না। তখন তারা চেষ্টা করবে আপনার জন্য পরিস্থিতি স্বাভাবিক করানোর।

সূত্র: সাইকোলজি টুডে