কেন মানুষ উপদেশে নয়, স্বীকৃতিতে বাঁচে

স্বীকৃতি মানুষকে বাঁচিয়ে রাখেছবি: ফ্রিপিক

স্বীকৃতি মানুষকে বাঁচিয়ে রাখে। স্বীকৃতির অভাব হলে মানুষ মরেও যেতে পারে। বেঁচে থাকার জন্য যেমন খাদ্য, আশ্রয় বা নিরাপত্তা জরুরি, তেমনি তার জন্য স্বীকৃতিও জরুরি। আমরা অনুভব করতে চাই, কেউ একজন যেন আমার অনুভূতি, অভিজ্ঞতা আর অস্তিত্বকে সত্য বলে মেনে নেয়। মনোবিজ্ঞানের ভাষায় এই স্বীকৃতির নাম ভ্যালিডেশন। এটি মানুষের মৌলিক মানসিক চাহিদা।

অনেক সময় ভাবি, স্বীকৃতি মানে প্রশংসা বা বাহ্বা। কিন্তু মনোবিজ্ঞানে স্বীকৃতির অর্থ ভিন্ন। ভ্যালিডেশন মানে কারও অনুভূতিকে বোঝার চেষ্টা, অস্বীকার না করা এবং তা বাস্তব হিসেবে গ্রহণ করা। মানে ‘তুমি যা অনুভব করছ, সেটার একটা কারণ আছে।’

ট্রানজেকশন অ্যানালাইসিসের জনক মনোবিজ্ঞানী এরিক বার্ন প্রথম বলেছিলেন, মানুষ মানসিক স্বীকৃতি ছাড়া বাঁচতে পারে না। মানুষের মানসিক বিকাশ শুরু হয় সম্পর্কের ভেতর দিয়ে।

মানুষ যখন চরম যন্ত্রণায় থাকে, তখন সে চায় একজন মানুষ। যে তাকে মানুষ হিসেবেই গ্রহণ করবে। যে তার ভাঙনকে দুর্বলতা হিসেবে দেখবে না, বরং মানবিক বাস্তবতা হিসেবে স্বীকার করবে।

অ্যাটাচমেন্ট থিউরি অনুযায়ী, শিশু যখন কাঁদে আর তার কেয়ারগিভার সাড়া দেয়, তখন সে শেখে, ‘আমার অনুভূতির মানে আছে’। এই অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে আত্মমর্যাদাবোধ, নিরাপত্তা ও সম্পর্কের প্রতি আস্থা। বিখ্যাত মানবতাবাদী মনোবিজ্ঞানী কার্ল রজার বলেছেন, ‘শর্ত ছাড়াই তুমি যেমন, আমি তোমাকে তেমনই গ্রহণ করছি।’
অর্থাৎ শর্তহীন গ্রহণযোগ্যতা। যেখানে মানুষ যেমন, সেভাবেই তাকে গ্রহণ করা হয়। এই গ্রহণযোগ্যতাই স্বীকৃতির ভিত্তি।

স্বীকৃতির অভাবে কী ঘটে?
স্বীকৃতির অভাব ধীরে ধীরে মানুষের ভেতরের কাঠামোকে ভেঙে দেয়। দীর্ঘদিন স্বীকৃতি না পেলে অনেক মানুষ পৌঁছে যায় ইমোশনাল নাম্বনেসে। অনুভূতিগুলো তখন থেমে যায়। আমরা ঠিক বুঝতে পারি না আসলে কী অনুভব করছি। তখন আর কষ্ট তেমন হয় না, আনন্দও নয়।

সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। যে মানুষটা ‘না’ বলতে পারে না, কেউ কেউ এমন হয়ে ওঠে, আবার কেউ সম্পর্ক এড়িয়ে চলে। অনেক সময় মানুষ এমন সম্পর্কেই আটকে যায়, যেখানে সামান্য স্বীকৃতির জন্য তাকে নিজের সীমা বিসর্জন দিতে হয়। অর্থাৎ অনেকেই কখনো কখনো অস্বাস্থ্যকর সম্পর্কে জড়িয়ে পড়ে। সে বুঝতে থাকে যে সম্পর্কটি তার জন্য ভালো যাচ্ছে না, তারপরও তারা এটা থেকে বের হয় না।

মানুষ যখন চরম যন্ত্রণায় থাকে, তখন সে শুধু চায়, কেউ একজন তার অস্তিত্ব স্বীকার করুক। মানুষের যন্ত্রণা সব সময় শব্দে প্রকাশ পায় না। অনেক সময় তা নীরবতায় জমে থাকে। চোখের ভেতরে, দীর্ঘশ্বাসের ফাঁকে অথবা প্রতিদিনের মেকি হাসির আড়ালে। চরম যন্ত্রণার মুহূর্তে মানুষ খুব বেশি কিছু চায় না। সে বড় কোনো সমাধান, উপদেশ কিংবা আশ্বাস খোঁজে না। সে শুধু চায়, কেউ একজন যেন তাকে দেখে। যেন বলে, ‘আমি তোমাকে দেখছি। তুমি আছ।’ মানে তাকে যেন লক্ষ করে।

এই চাওয়াটুকু আসলে খুব গভীর। এটি করুণা নয়, সহানুভূতি নয়। এটি অস্তিত্বের স্বীকৃতি। যখন মানুষ ভেঙে পড়ে, তখন সবচেয়ে বেশি আঘাত করে এই অনুভূতি। সে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার কষ্ট কেউ লক্ষ করছে না, তার কথার কোনো ওজন নেই, তার থাকা না-থাকায় কিছুই বদলায় না। এই অদৃশ্য হয়ে যাওয়ার যন্ত্রণাই অনেক সময় মূল যন্ত্রণার চেয়ে বেশি কষ্টদায়ক হয়ে ওঠে।

আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে মানুষকে দ্রুত ‘ঠিক’ হয়ে যেতে বলা হয়। কাঁদলে বলা হয়, ‘শক্ত হও।’ ভেঙে পড়লে বলা হয়, ‘তুমি এত দুর্বল কেন, এত আবেগপ্রবণ হওয়ার কী আছে?’ সমস্যার কথা বললে পাওয়া যায় উপদেশ, তুলনা, কিংবা আরও ভয়ংকরভাবে কিছু কটু কথা আর অবহেলা। অথচ মানুষ তখন সমাধান চায় না। সে চায় তার কষ্টটা যেন অস্বীকার না করা হয়। তার ভেতর যে কষ্ট হচ্ছে, সে কষ্ট যেন শুধুই অনুভব করে। যে বলবে না, ‘সব ঠিক হয়ে যাবে’ বরং বলবে, ‘এটা সত্যিই কঠিন। আমি এখানে আছি।’ এই উপস্থিতি অনেক সময় ওষুধের মতো কাজ করে। কারণ, এতে মানুষ বুঝতে পারে যে তার কষ্টটা বাস্তব, তার অনুভূতিগুলো বৈধ।

আরও পড়ুন

মনোবিজ্ঞানে বলা হয়, মানুষের সবচেয়ে মৌলিক চাহিদাগুলোর একটি হলো—দেখা হওয়া এবং স্বীকৃত হওয়া। শৈশব থেকে শুরু করে প্রাপ্তবয়স পর্যন্ত, এই স্বীকৃতি না পেলে মানুষ ভেতরে ভেতরে ভেঙে যেতে থাকে।

অনেক আত্মহত্যাপ্রবণ মানুষ শেষ মুহূর্তে যা বলেন বা লেখেন, তার ভেতরে একটাই আর্তনাদ ঘুরেফিরে আসে—‘আমি খুব একা ছিলাম’। এই একাকিত্ব শুধু শারীরিক একাকিত্ব নয়, এটি মানসিক অদৃশ্যতার একাকিত্ব। চারপাশে মানুষ থাকা সত্ত্বেও কেউ তাকে সত্যিকার অর্থে দেখেনি। এই বোধই তাকে নিঃশেষ করে দেয়।

আমাদের দায়িত্ব
আমরা যদি একটু থামি, একটু শুনি, একটু উপস্থিত থাকি, তাহলে অনেক যন্ত্রণা সেরে যেতে পারে। কারও কথা শেষ হওয়ার আগেই উত্তর না দিয়ে, উপদেশ না দিয়ে, বিচার না করে শুধু বলা, ‘আমি বুঝতে পারছি’। এটুকুই অনেক সময় বাঁচিয়ে দেয় একটি মানুষকে।

মানুষ যখন চরম যন্ত্রণায় থাকে, তখন সে চায় একজন মানুষ। যে তাকে মানুষ হিসেবেই গ্রহণ করবে। যে তার ভাঙনকে দুর্বলতা হিসেবে দেখবে না, বরং মানবিক বাস্তবতা হিসেবে স্বীকার করবে।

হয়তো আমরা সবাই সব সময় সব কষ্ট সারাতে পারি না। কিন্তু চাইলে আমরা তার পাশে থাকতে পারি, তার কষ্টগুলোকে মূল্যায়ন করতে পারি। কখনো কখনো একটি মানুষের অস্তিত্ব স্বীকার করাই তার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে।

সাইকোথেরাপিস্ট ও মানসিক–বিষয়ক প্রশিক্ষক, কনসালট্যান্ট, সিটি হাসপাতাল লিমিটেড এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।