সে কি সত্যিই আপনাকে ভালোবাসে? লক্ষণগুলো মিলিয়ে নিন

সম্পর্কের ভেতরের ছোট ছোট আচরণই আসলে বলে দেয় যে ভালোবাসা কতটা গভীর, কতটা নিরাপদ এবং কতটা বাস্তবছবি: এআই/বন্ধুসভা

ভালোবাসা শুধু কিছু অনুভূতি বা কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে একজন মানুষের আচরণ, মনোযোগ, সম্মান ও নিরাপত্তার অনুভূতির মধ্য দিয়ে প্রকাশ পায়। সত্যিকারের ভালোবাসা আপনাকে বদলে ফেলার চেষ্টা করে না; বরং আপনি যেমন, তেমনভাবেই বুঝতে, গ্রহণ করতে এবং পাশে থাকতে শেখে। সম্পর্কের ভেতরের ছোট ছোট আচরণই আসলে বলে দেয় যে ভালোবাসা কতটা গভীর, কতটা নিরাপদ এবং কতটা বাস্তব। নিচের লক্ষণগুলো সে রকমই কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা একটি সুস্থ ও ভালোবাসায় ভরা সম্পর্ককে চিহ্নিত করে।

১. আপনার ওপর থেকে চোখ সরাতে পারবে না: চোখে চোখে রাখা বা চোখের ভাষা বুঝতে পারা ভালোবাসার অন্যতম লক্ষণ। যে আপনাকে ভালোবাসে, সে আপনার দিকে এমনভাবে তাকাবে যেন কথা বলছে। আপনি সামনে গেলে বা আশপাশে থাকলেই তার মধ্যে সুখী একটা ভাব দেখা যাবে, চোখে উজ্জ্বলতা ধরা পড়বে। এমনকি অনেক ভিড়ের মধ্যেও সে আপনাকে ঠিকই খুঁজে নেবে।

২. আপনার ভিন্নতাকে সম্মান করবে: আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটা হয়তো অনেকের পছন্দ নয়। সেটা নিয়ে তারা বলেও যে ওই অভ্যাস পরিবর্তন করা দরকার। কিন্তু আপনাকে যে ভালোবাসে, সে আপনার সেই ভিন্নতাকেই সম্মান করবে। কিসে আপনার ভালো লাগে, কিসে আপনার খারাপ লাগে, কিসে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটাকে সে মূল্যায়ন করবে।

৩. কোনো ফিল্টার ছাড়াই তার সঙ্গে কথা বলবেন এবং সে গুরুত্ব দিয়ে সেই কথা শুনবে: তার সামনে আপনার গোছালো হতে হবে না। কথা বলার সময় বাক্য, উচ্চারণ সঠিক হলো নাকি ভুল হলো, তা ভাবতে হবে না। আপনার ভেতরের মানুষটাকেও লুকিয়ে রাখতে হবে না। কোনো ধরনের সংকোচ ছাড়াই তার সামনে যেকোনো কিছু বলতে বা করতে পারবেন।

আপনাকে বোঝার জন্য সে প্রশ্ন করবে এবং প্রতিটি কথা মনে রাখবে। সম্পূর্ণ মনোযোগী হয়ে আপনার কথা শুনবে। এমন নয় যে হাতে মুঠোফোন নিয়ে বলবে, ‘আমি শুনছি…।’ কথা বলা শেষে নিজেকে হালকা মনে হবে। প্রতিটি কথাই তার সঙ্গে শেয়ার করতে পারবেন।

আরও পড়ুন

৪. একসঙ্গে থাকলে মনে হবে, সময় দ্রুত চলে যাচ্ছে: হয়তো তার সঙ্গে কোথাও চা খেতে গেলেন। ভেবেছিলেন, চা খেয়ে, আড্ডা দিয়ে ২০ মিনিট পর চলে আসবেন। কিন্তু এতটাই প্রাণ খুলে আড্ডা দিলেন যে কীভাবে যেন ঘণ্টা পার হয়ে গেল; সময়ের দিকে আর খেয়ালই করেননি। এমনকি তখন মনে হবে, সময়টা কম হয়ে গেল!

আবার হয়তো মেসেঞ্জারে বই বা মিউজিক নিয়ে কোনো লিংক শেয়ার করেছেন। দেখা গেল, সেই লিংকের সূত্র ধরে বই বা মিউজিক নিয়ে দীর্ঘ কথোপকথন হয়ে গেল দুজনের মধ্যে।

৫. তার প্রাত্যহিক জীবনের সবকিছু সে শেয়ার করবে: কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, সে সবার আগে আপনাকে জানাবে। তার জীবনে কোনো ভালো সংবাদ এল, সবার আগে আপনাকে জানাবে। কোনো মজার ঘটনা ঘটল, আপনাকে ফোন করে সেটা জানাবে। কোথাও ঘুরতে গেল, আপনাকে ছবি পাঠাবে।

৬. তার ভবিষ্যৎ ভাবনায়ও আপনি থাকবেন: ‘চলো কোথাও ঘুরতে যাই।’ ‘নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। শুনেছি খাবারের মান ভালো। চলো খেয়ে আসি।’ ‘একদিন ওই দেশে তোমার সঙ্গে ভ্রমণে যেতে চাই।’
সে ‘আমরা’ হিসেবে চিন্তা করবে। ‘হয়তো’, ‘মনে থাকলে জানাব...’ এমন কিছু বলবে না।

৭. আপনার স্বাধীনতায় বাধা দেবে না এবং প্রতিবার আপনাকেই পছন্দ করবে: সে আপনাকে যথেষ্ট স্পেস দেবে, আপনার সীমারেখাকে সম্মান করবে এবং আপনার সফলতার অংশীদার হবে। নিরাপদ ও সুস্থ সম্পর্কগুলোয় সীমারেখা মানসিক স্বস্তি বজায় রাখতে এবং পারস্পরিক বিশ্বাস ধরে রাখতে সাহায্য করে। আর যে ভালোবাসে, সে এই সীমারেখায় বাধা দেবে না, বরং সম্মান করবে। আপনার অদ্ভুত অভ্যাসকেও সে সমর্থন করবে; সেটা বসে বসে ঘুমানো হোক কিংবা আকাশের দিকে তাকিয়ে পাখি গোনা! সে চাইবে, আপনি নিজের মতো করে বেড়ে ওঠেন। সে আপনার ভাবনাকে সমর্থন দেবে এবং আপনার জন্য বড় স্বপ্ন দেখবে। আপনি ভালোবাসার মধ্যে থেকেও নিজেকে পূর্ণ স্বাধীন অনুভব করবেন।

৮. আপনার সবকিছুই সে মনে রাখবে: সে আপনার জীবনের প্রতিটি ঘটনা মনে রাখবে। মনে রাখবে, যখন আপনি সুখে থাকেন, তখন কেমন আচরণ করেন, যখন দুঃখে থাকেন, তখন কেমন আচরণ করেন। কোন কোন ছোট বিষয়ে আপনি খুশি হয়ে যান, সেগুলো মনে রাখবে। মোটকথা, আপনি ব্যক্তি মানুষটা কেমন, সেটা সে বুঝতে পারবে।

৯. ভালো-মন্দ সব সময়ে আপনাকে স্বাচ্ছন্দ্য অনুভব করাবে: সে আপনার সঙ্গে কঠিন কথোপকথন এড়িয়ে যাবে না, কিংবা পরিস্থিতি খারাপ হবে ভেবে কথা বলা বন্ধ করে দেবে না। সে দায় নেবে এবং ক্ষমা চাইতে দ্বিধা বোধ করবে না। আপনার চিন্তাভাবনা নিয়ে তার মধ্যে সব সময় একটা কৌতূহল থাকবে, এমনকি সেই চিন্তাভাবনার সঙ্গে তার মিল না হলেও। সে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না। সে সব সময় সংযোগ খুঁজে নিতে চেষ্টা করবে। কারণ, তার কাছে অন্য সবকিছুর চেয়ে সম্পর্কটা গুরুত্বপূর্ণ। মানসিকভাবে নিরাপদ সঙ্গীরা দুঃসময়ে একে অপরের কাছে যেতে পারে এবং এমন একটি আশ্রয় তৈরি করে, যেখানে দুর্বলতা সম্পর্ককে হুমকি না দিয়ে বরং আরও শক্তিশালী করে।

১০. তার সামনে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করবেন: ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ সম্ভবত এটাই। নিজেকে তার সামনে সব সময় প্রস্তুত করে রাখতে হবে না। চাপ কমে যাবে, হৃৎস্পন্দন স্থির থাকবে। সত্যিকারের ভালোবাসা আপনাকে নিরাপদ অনুভব করাবে, কিন্তু আটকে রাখবে না। যে মানুষ আপনাকে ভালোবাসে, সে আপনার ভেতরের পৃথিবীটাকে ঘরের মতো অনুভব করাবে।

সূত্র: সাইকোলজি টুডে