অপেক্ষায় আছি সপ্তম জাতীয় বন্ধু সমাবেশের

ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে খুলনা বন্ধুসভার বন্ধুরাছবি: লেখকের সৌজন্যে

সময় কখনো থেমে থাকে না, তবে কিছু অপেক্ষা সময়কে আরও অর্থবহ করে তোলে। ঠিক তেমনই এক দীর্ঘ অপেক্ষার নাম ছিল ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ।

বন্ধুসভায় যখন যুক্ত হই, কিছুদিন পরে শুনেছিলাম ২০২০ সালের ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পঞ্চম জাতীয় বন্ধু সমাবেশ। তখন ছোট ছিলাম বলে যাওয়া হয়নি। এরপর ২০২২ সালে হওয়ার কথা ছিল ষষ্ঠ আসর। নানা কারণে সেটি আর হয়নি। ২০২৩ ও ২০২৪ সালেও শুনেছিলাম হবে, কিন্তু হয়নি। অবশেষে যখন ঘোষণা এল ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৫, গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্র মাঠে অনুষ্ঠিত হবে ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ, মনে সে কী আনন্দ!

আরও পড়ুন

সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলি আমরা খুলনা বন্ধুসভার বন্ধুরা। কিন্তু হঠাৎ এক খবরে স্তব্ধ হয়ে গেলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি, দুর্বৃত্তরা প্রথম আলো বন্ধুসভার অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মনে হলো এবারও হয়তো বন্ধু সমাবেশ আর হচ্ছে না। মানসিকভাবে কষ্ট পেলাম। মন অনেক খারাপ হয়ে গেল।

তবু মনের কোথায় যেন একটু আশা ছিল, এবার প্রোগ্রাম হবেই হবে। ২২ ডিসেম্বর ঘোষণাটা চোখে পড়ে, যথাসময়ে হচ্ছে ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ ২০২৫।

আকস্মিক সবকিছু পুড়ে যাওয়ার পরও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ বন্ধু সমাবেশ করবে—এ আশা আমাদের বন্ধু হাফিজুর রহমান ভাই বরাবরই বলে আসছিলেন। সেই সঙ্গে আবার শুরু করলাম সমাবেশে যাওয়ার জন্য প্রস্তুতি। সবাই যোগাযোগ করে কীভাবে যাবে ট্রেনে, নাকি বাসে। দিন যত যাচ্ছে, আনন্দ বাড়তে থাকে; কিন্তু ভাগ্য মনে হয় আমার পক্ষে ছিল না। হঠাৎ অসুস্থ হওয়ায় আমার আর যাওয়া হলো না।

ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে খুলনা বন্ধুসভার বন্ধুরা।

খুলনা থেকে আমাদের বন্ধুরা ২৫ ডিসেম্বর সকালে ট্রেনে করে গাজীপুরের উদ্দেশে রওনা করে দেন। দুপুর নাগাদ মৌচাক স্কাউট মাঠে পৌঁছে যায়। ফেসবুক লাইভের মাধ্যমে বন্ধুদের আনন্দে কিছুটা শামিল হওয়ার চেষ্টা করেছি। কিন্তু তাতে কি আর মনকে সান্ত্বনা দেওয়া যায়!

বন্ধু সমাবেশে খুলনা বন্ধুসভার তাঁবু নম্বর ছিল ৩৭। লাইভের মাধ্যমে দেখেছি মূল মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা। রাতে প্রোগ্রাম শেষে তাঁবুর সামনে ফায়ার ক্যাম্প, গান, কবিতা, আড্ডা—সবই। অপেক্ষায় আছি সপ্তম জাতীয় বন্ধু সমাবেশের। এই আনন্দ সরাসরি উপভোগ করতে চাই।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা