নতুন শেখার সুযোগ

ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে গাজীপুর বন্ধুসভার বন্ধুরাছবি: আব্দুল ইলা

গত ১৭ ডিসেম্বর ভেন্যুতে শুরু হয় জাতীয় বন্ধু সমাবেশের অবকাঠামোগত প্রস্তুতির কাজ। টয়লেট নির্মাণ, তাঁবু স্থাপন ও বিদ্যুৎ–সংযোগসহ বিভিন্ন কাজে কেন্দ্রীয় টিমের সঙ্গে গাজীপুর থেকে আমরা কয়েকজন বন্ধুও যুক্ত হই। জাতীয় পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় ভেন্যুতে আমাদের কয়েকজন বন্ধু সার্বক্ষণিক কাজ করেন। প্রতিটি কাজ ছিল নতুন শেখার সুযোগ।

সারা দেশের ১৪৬টি বন্ধুসভা থেকে আসা প্রায় ১ হাজার ২০০ বন্ধুর আবাসন নিশ্চিত করা ছিল অন্যতম চ্যালেঞ্জ। তাঁবু ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবীদের সমন্বয় ও মেয়েদের যাতায়াতের সুব্যবস্থা করতে গিয়ে শিখেছি দায়িত্ব। সবাই মিলে কাজ করার মধ্যেই তৈরি হয়েছে আস্থা ও সহমর্মিতার পরিবেশ।

আরও পড়ুন

২৫ ডিসেম্বর শুরু হয় মূল সমাবেশ। শীত উপেক্ষা করে বন্ধুরা যেভাবে উৎসাহ নিয়ে অংশ নিয়েছেন, সত্যিই অনুপ্রেরণাদায়ক। রেজিস্ট্রেশন থেকে শুরু করে খাবার বিতরণ সবখানেই ছিল স্বতঃস্ফূর্ততা। বন্ধুরা নিজেদের তাঁবু নিজেরাই বিভিন্ন সাজসজ্জায় রঙিন করে তোলেন। গাজীপুর বন্ধুসভা তাঁবু সাজানোয় সেরা ৫–এ জায়গা করে নেয়। বছরব্যাপী কাজের ভিত্তিতে ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভায়ও জায়গা করে নিতে সক্ষম হই আমরা। এই অর্জন দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।

জাতীয় বন্ধু সমাবেশ শিখিয়েছে, দায়িত্বের ভয় জয় করেই জন্ম নেয় আত্মবিশ্বাস। এই নতুন অভিজ্ঞতা স্বপ্নের বাংলাদেশ নির্মাণে আমাদের পথচলার শক্তি হয়ে থাকবে।

সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা