ঝরনা নাকি জলপ্রপাত—চেনার উপায় কী
সীতাকুণ্ডের পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে হঠাৎ কানে আসে পানির গর্জন। কিছু দূর এগোলেই দেখা মেলে সাদা ফেনায় আচ্ছাদিত এক জলধারা। কেউ বলেন, ‘কী দারুণ নানন্দিক ঝরনা!’ আবার কেউ সেটিকেই বলেন ‘জলপ্রপাত’। ভ্রমণে কিংবা দৈনন্দিন জীবনে দুটি শব্দ প্রায় একই অর্থে ব্যবহৃত হলেও প্রকৃতিবিজ্ঞান বলছে, ঝরনা ও জলপ্রপাত এক জিনিস নয়। দুটির মধ্যে রয়েছে গঠন, উৎস এবং প্রবাহের ধরনে স্পষ্ট পার্থক্য। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেলে ‘ঝরনা’ শব্দটিই সবচেয়ে বেশি শোনা যায়। খৈয়াছড়া, হাম হাম, রূপসী কিংবা শুভলং—প্রায় সব জায়গার নামেই রয়েছে ঝরনা।
কিন্তু পৃথিবীর ভূপ্রকৃতি নিয়ে কাজ করা গবেষকেরা জলধারাকে শ্রেণিবিন্যাস করেন ভিন্নভাবে।
জলপ্রপাত সাধারণত এমন একটি স্থান, যেখানে একটি নদী বা বড় জলধারা হঠাৎ করে খাড়া শিলাস্তর থেকে নিচে নেমে আসে। হাজার হাজার বছর ধরে নদীর প্রবাহ কঠিন ও নরম শিলাকে অসমভাবে ক্ষয় করে এমন প্রাকৃতিক অবয়ব তৈরি করে। নিচে তৈরি হয় গভীর জলাধারা, যাকে ভূতত্ত্বে প্লাঞ্জ পুল বলা হয়। পৃথিবীর বিখ্যাত অনেক জলপ্রপাত যেমন নায়াগ্রা বা ভিক্টোরিয়া ফলস—এ ধরনের ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল।
অন্যদিকে ঝরনা সাধারণত পাহাড়ের গা থেকে উৎসারিত ছোট জলধারা বা ভূগর্ভস্থ পানির স্বাভাবিক প্রবাহ। অনেক সময় এটি সরাসরি নিচে না পড়ে পাথরের গা বেয়ে ধাপে ধাপে নেমে আসে। বর্ষাকালে এর প্রবাহ বাড়ে, আবার শুষ্ক মৌসুমে অনেক ঝরনাই ক্ষীণ হয়ে যায়। অর্থাৎ, ঝরনার অস্তিত্ব অনেকাংশে নির্ভর করে মৌসুমি বৃষ্টি ও পাহাড়ে পানির সঞ্চয়ের ওপর।
ভূগোলবিদদের মতে, সব জলধারার পতন একই রকম নয়। কোথাও পানি এক ধাপে নিচে পড়ে, কোথাও আবার কয়েকটি ধাপ অতিক্রম করে নামে। ইংরেজিতে Waterfall, Cascade এবং Cataract নামে আলাদা শ্রেণি রয়েছে। বাংলায় এদের অনেক ক্ষেত্রেই এক শব্দে ‘ঝরনা’ বলা হয়। ফলে ভাষার ব্যবহার আর বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাসের মধ্যে একটি পার্থক্য থেকেই যায়। বাংলাদেশের পর্যটন মানচিত্রেও এই বিভ্রান্তি দেখা যায়। বান্দরবানের নাফাখুমকে অনেক বিশেষজ্ঞ শক্তিশালী জলপ্রপাতের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে মিরসরাইয়ের খৈয়াছড়া বা মৌলভীবাজারের হাম হাম মূলত পাহাড়ি ঝরনার বৈশিষ্ট্য বহন করে। তবে স্থানীয় মানুষের মুখে এবং পর্যটন প্রচারে সবই ‘ঝরনা’ নামে পরিচিত হয়েছে। সময়ের সঙ্গে সেই নামই প্রতিষ্ঠিত হয়েছে।
প্রকৃতির এই পার্থক্য বোঝা শুধু ভাষার শুদ্ধতার জন্য নয়, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। একটি জলপ্রপাতের পানির উৎস সাধারণত দীর্ঘ নদীপথের সঙ্গে যুক্ত থাকে। তাই উজানে বাঁধ, খনন বা পানির প্রবাহে পরিবর্তন ঘটলে তার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছায়। অন্যদিকে পাহাড়ি ঝরনা বেশি নির্ভরশীল বন, মাটি এবং ভূগর্ভস্থ পানির ওপর। পাহাড় কাটা, বন উজাড় কিংবা অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে অনেক ঝরনার স্বাভাবিক প্রবাহ ইতিমধ্যেই হুমকির মুখে পড়েছে।
ভাষা সময়ের সঙ্গে বদলায়, তেমনি মানুষের ব্যবহারও বদলায়। তাই কথ্য ভাষায় ঝরনা ও জলপ্রপাত একে অপরের বিকল্প হিসেবে ব্যবহৃত হলেও ভূগোলের পাঠে তাদের পরিচয় আলাদা। প্রকৃতিকে জানার আনন্দ কেবল তার সৌন্দর্যে নয়, তার বৈচিত্র্যকে সঠিকভাবে বুঝে নেওয়ার মধ্যেও লুকিয়ে আছে। পাহাড়ের বুক বেয়ে নেমে আসা প্রতিটি জলধারা তাই শুধু চোখের প্রশান্তি নয়, পৃথিবীর দীর্ঘ ভূতাত্ত্বিক ইতিহাসেরও এক জীবন্ত সাক্ষী।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা