কখনো বলিনি মা, ভালোবাসি

ছবি: লেখকের সৌজন্যে

মাকে কখনো জড়িয়ে ধরে বলিনি, ‘মা, তোমাকে খুব ভালোবাসি।’ ছোট ভাই হওয়ার পর থেকে কেমন যেন অনেক বড় বড় মনে হয়; যদিও ভাইটা আরেক বড় উপহার। ছোটবেলার মতো আদর খুঁজি না মায়ের কাছ থেকে। তবু দিনের শেষে সবচেয়ে বেশি যার কথা ভাবি, যার কষ্টটা নীরবে বোঝার চেষ্টা করি, সে মানুষটা মা।

আমার ভালোবাসা প্রকাশ পায় অন্যভাবে; সেটা নাহয় আমারই জানা থাকল। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছি, সংসারে কিছু মানুষ থাকে, যারা নিজের ক্লান্তিকে কখনো গুরুত্ব দেওয়ার সুযোগ পায় না। মা সেই মানুষ। এত কিছুর ভিড়ে মানুষটা নিজের ইচ্ছাগুলো কবে হারিয়ে ফেলেছে, সেটাও হয়তো খেয়াল করেনি।

মা আমাকে জীবন চিনতে শিখিয়েছে। শখ পূরণ করতে শিখিয়েছে, আবার অপূর্ণতাকেও মেনে নিতে শিখিয়েছে। পড়াশোনা, সংস্কৃতি, মানুষের প্রতি সম্মান, কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা—এসব কোনো বই থেকে শেখা হয়নি, মায়ের জীবন দেখেই শেখা। জীবনের সঙ্গে লড়াই করতে হয় কীভাবে, সেটাও মা শিখিয়েছে। মায়ের দূরদর্শিতার কথা না বললেই নয়। পড়াশোনার পাশাপাশি শিল্পের বিভিন্ন দিক বিচরণ করার সুযোগ করে দিয়েছে মা–ই।

আরও পড়ুন

মাঝেমধ্যে মা খুব কঠিন কথা বলেন; রাগ করেন, কড়াভাবে শাসন করেন। ছোটবেলায় এসব অন্যায় মনে হতো। এখন বুঝি, মানুষটা সারা দিন ডিপার্টমেন্ট, সংসার আর দায়িত্বের চাপে নিজেকেই ভুলে থাকে। তাই তার কথায় কখনো ক্লান্তি মিশে যায়, বিরক্তি চলে আসে। কিন্তু মায়ের সেই কড়া কথাগুলোর পেছনেও যে নিঃস্বার্থ চিন্তা লুকিয়ে থাকে, সেটা বড় না হলে বোঝা যায় না।

হয়তো কোনো দিন সামনাসামনি বলা হবে না—‘মা, তোমাকে ভালোবাসি।’ তবু মা নিশ্চয়ই জানে, তার জন্য নীরবে করা ছোট ছোট কাজগুলোর মধ্যেই আমার সমস্ত ভালোবাসা জমে আছে। পরের জন্মগুলোতেও তোমাকেই মা হিসেবে যেন পাই—সুস্থ থাকো, খুশি থাকো এই প্রার্থনা।

শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়