সবাই বন্ধু

বন্ধু সমাবেশের এ মুহূর্তগুলো মনে করিয়ে দেবে, আমরা একসঙ্গে ভালো কিছুর স্বপ্ন দেখেছিলামছবি: হাসান মাহমুদ

বন্ধুসভার আয়োজন মানেই আলাদা এক অনুভূতি। এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়—সবাই বন্ধু। সমাবেশে দেখেছি তরুণদের উচ্ছ্বাস, স্বপ্ন আর প্রবীণদের অভিজ্ঞতা এক জায়গায় মিলেছে। গান, কবিতা, আলোচনা আর সামাজিক সচেতনতার বার্তা মিলিয়ে পরিবেশ হয়ে উঠেছিল প্রাণবন্ত ও অর্থবহ। আমাদের সবার উদ্দেশ্য এক—দেশকে ভালোবাসা ও মানুষের জন্য কিছু করা।

যখন সবাই একসঙ্গে জাতীয় সংগীত গাইছিল, প্রতিটি চরণ অনুভব করতে পারছিলাম। সেই মুহূর্তে নিজেকে দেশের একজন দায়িত্বশীল অংশ মনে করেছি।

আরও পড়ুন

আগে দেশপ্রেম বলতে শুধু আবেগ বুঝতাম। বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়ে বুঝেছি, দেশপ্রেম মানে দায়িত্ব নেওয়া। একটি গাছ লাগানো, একটি ভালো কাজ করা, অন্যায়ের প্রতিবাদ করা—এসবই দেশপ্রেমের অংশ। ছোট প্রয়াসগুলো একত্র হলে সমাজ বদলাতে শুরু করে। বন্ধু সমাবেশ নিজেকে প্রশ্ন করতে শিখিয়েছে, কী করছি সমাজের জন্য? শুধু সমালোচনা করছি, নাকি পরিবর্তনের অংশ হচ্ছি? বন্ধুসভা শিখিয়েছে, বড় কিছু না পারলেও ভালো কিছু করা যায়।

হয়তো আমরা সবাই ভিন্ন ভিন্ন পথে হাঁটব, কিন্তু বন্ধু সমাবেশের এ মুহূর্তগুলো মনে করিয়ে দেবে, আমরা একসঙ্গে ভালো কিছুর স্বপ্ন দেখেছিলাম।

বন্ধু, নাটোর বন্ধুসভা