বাবা আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেননি

বাবার সঙ্গে সমাবর্তনেছবি: লেখকের সৌজন্যে

বাবা মানে প্রখর রোদে শীতল ছায়া। পৃথিবীতে যে মানুষটি আমাকে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন, তিনি বাবা। ছোট থেকে একটি মেয়ে তার বাবাকে দেখেই বড় হয়। বাবাই মেয়ের আর্দশ। বাবার কাছে যেকোনো আবদার অনায়াসেই করা যায়। বাবা আমার কোনো কিছুতে কখনো নিষেধ করেননি এবং কোনো ইচ্ছা তিনি অপূর্ণ রাখেননি। যত কষ্টই হোক, যখন যেটা চেয়েছি, তিনি হাসিমুখে সেটা হাজির করেছেন।

আমি নিজেই এখন দুই সন্তানের মা। এখনো বাবার বাড়িতে গেলে আমি যা খেতে পছন্দ করি, বাবা আগে থেকেই সেটা নিয়ে আসেন এবং ফেরার সময়ও আমার পছন্দের খাবার সঙ্গে দিয়ে দেন। মনে হয়, যেন বাবার কাছে আমি সেই ছোট্ট মেয়েটিই আছি। পৃথিবীর সব মেয়েরাই তার বাবার কাছে আদরের রাজকন্যা।

আরও পড়ুন

আমার বাবা একজন সৎ, বিনয়ী, নিরহংকার এবং অত্যন্ত পরিশ্রমী মানুষ। বাবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। আমার ডাক্তার হওয়ার পেছনে ওনার অবদান অপরিসীম। এই ঋণ শোধ করা যাবে না। মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় ডাক্তার হয়েছি এবং সফলতার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। যেদিন আমার সমাবর্তন অনুষ্ঠান হয়, সেদিন বাবাকে জড়িয়ে ধরে কান্না করেছিলাম।

আমার বাবার সবচেয়ে মূল্যবান উপদেশ হলো, ‘জীবনে চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু কখনো হার মানা যাবে না, এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে।’ পৃথিবীর সব বাবা সুস্থ ও ভালো থাকুক, এটাই চাওয়া।

সিনিয়র মেডিকেল অফিসার, পাইওনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতাল, ঢাকা