আবার কোনো একদিন আমরা মিলিত হব—আরও গল্প, আরও হাসি, আরও স্মৃতি নিয়ে।
ব্যস্ত জীবনের ভিড়ে বন্ধুদের সঙ্গে সমাবেশ যেন একটুকরা নিশ্বাস। দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হলে মনে হয়, সময় হঠাৎ থেমে গেছে, ফিরে গেছি সেই পুরোনো দিনগুলোয়, যেখানে দায়িত্ব কম ছিল, হাসি ছিল অফুরন্ত।
এই সমাবেশে সবচেয়ে ভালো লাগে স্মৃতিচারণা। স্কুলের বেঞ্চ, কলেজের ক্যানটিন ও পরীক্ষার আগের রাত—সব গল্প আবার জীবন্ত হয়ে ওঠে। কেউ পুরোনো ছবি দেখায়, কেউ পুরোনো কৌতুক মনে করিয়ে দেয়। তখন বোঝা যায়, সময় বদলালেও বন্ধুত্বের উষ্ণতা বদলায়নি। হাসির ফাঁকে ফাঁকে কারও চোখে জল এসে যায়, প্রতিটি স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে কিছু না–বলা অনুভূতি।
আমার জন্য সেরা মুহূর্ত ছিল যখন সবাই মিলে সেই পুরোনো গানটি গেয়েছিলাম। যে গান কলেজ ফেস্টে গেয়েছিলাম একসঙ্গে। কেউ ঠিক সুরে গাইতে পারেনি, তবু কোনো আক্ষেপ ছিল না। সেই বেসুরো গলাতেই ছিল আমাদের আন্তরিকতা। গান শেষ হলে কিছুক্ষণ নীরবতা, তারপর একসঙ্গে হাততালি। মনে হলো, এ মুহূর্তটিই আমরা সবাই খুঁজছিলাম।
সমাবেশে আরও বুঝেছি, বন্ধুরা কেবল অতীতের সঙ্গী নয়, তারা বর্তমানের শক্তি। জীবনের ওঠা–নামা, সাফল্য–ব্যর্থতা—সবই ভাগ করে নেওয়া যায় তাদের সঙ্গে। বিদায়ের সময় মন ভারী হলেও একরাশ ভালো লাগা নিয়ে ফিরি। আবার কোনো একদিন আমরা মিলিত হব—আরও গল্প, আরও হাসি, আরও স্মৃতি নিয়ে। বন্ধু সমাবেশ তাই শুধু দেখা হওয়া নয়, এটি হৃদয়ের পুনর্মিলন।
সহসাংগঠনিক সম্পাদক, মোংলা বন্ধুসভা