জাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা বন্ধু জান্নাত আলম

ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে সেরার পুরস্কার গ্রহণ করছেন জান্নাত আলমছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা–২০২৬’-এ মূকাভিনয় (মাইম) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন সাতক্ষীরার কৃতী শিক্ষার্থী জান্নাত আলম। তিনি সাতক্ষীরা বন্ধুসভার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পড়াশোনা করছেন সাতক্ষীরা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষে।

গতকাল বুধবার, জান্নাত আলমের এই গৌরবোজ্জ্বল সাফল্যের খবর সাতক্ষীরায় পৌঁছালে স্থানীয় শিক্ষাঙ্গন ও সামাজিক মহলে আনন্দের বন্যা বয়ে যায়। সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, সহপাঠী ও বন্ধুসভার বন্ধুরাসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এর আগে, ১৯ মে ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের সব অঞ্চল থেকে আসা প্রায় ২৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মূকাভিনয়ে দেশসেরা হন জান্নাত।

ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে সেরার পুরস্কার গ্রহণ করছেন জান্নাত আলম
ছবি: সংগৃহীত

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত প্রতিভাবান স্কাউটরা চূড়ান্ত পর্বে অংশ নেন। গান, নৃত্য, মূকাভিনয়, আবৃত্তি, কিরাত, আজান, বাংলা উপস্থাপনা ও চিত্রাঙ্কন—এই আটটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে তুমুল প্রতিযোগিতাপূর্ণ মূকাভিনয় বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন জান্নাত।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জান্নাত আলমের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোরশেদ, বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ), যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশিক্ষণ) মো. শামসুল হক এবং যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম।

জান্নাত আলম সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার বাসিন্দা শেখ জুলফিকার আলম ও রাফিয়া পারভীন দম্পতির সন্তান। এমন সাফল্যে উচ্ছ্বসিত জান্নাত আলম বলেন, ‘এই অর্জনটি আমার জন্য অত্যন্ত গৌরবের। স্কাউটের মাধ্যমে একটি জাতীয় পুরস্কার পাওয়ার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, যা আলহামদুলিল্লাহ এবার পূরণ হয়েছে। বন্ধুসভার সবার অনুপ্রেরণা আমাকে এই পথে অনেক সাহস জুগিয়েছে।’

আরও পড়ুন
সেরার পুরস্কার হাতে জান্নাত আলম।

ভবিষ্যতে একজন দক্ষ আইনজীবী হতে চাওয়া জান্নাত অবশ্য এবারই প্রথম জাতীয় পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেননি। এর আগে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে দেশব্যাপী ‘উপস্থিত অভিনয়’ প্রতিযোগিতায় অংশ নিয়েও জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব রয়েছে তাঁর ঝুলিতে।

জান্নাতের এই অর্জনে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘জান্নাত আমাদের বন্ধুসভার এক উজ্জ্বল নক্ষত্র। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তাঁর এই জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব পুরো জেলা ও বন্ধুসভা পরিবারকে গর্বিত করেছে।’

সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ বলেন, ‘জান্নাতের এই সাফল্য প্রমাণ করে একাগ্রতা ও পরিশ্রম থাকলে যেকোনো চড়াই-উতরাই পার হয়ে দেশসেরা হওয়া সম্ভব। আমরা তাঁর এই কৃতিত্বে অত্যন্ত আনন্দিত এবং তাঁর আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’

কার্যনির্বাহী সদস্য, সাতক্ষীরা বন্ধুসভা