আগের দিন থেকেই মনের মধ্যে অন্য রকম একটা আনন্দ ও উত্তেজনা কাজ করছিল। কখন যাব, কীভাবে যাব, কেমন হবে পুরো আয়োজন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বন্ধুদের সঙ্গে কীভাবে পরিচয় হবে—এমন নানা প্রশ্ন ও কৌতূহল মনে ঘুরপাক খাচ্ছিল। নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া, আড্ডা দেওয়া এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায় যেন সময় কাটতেই চাইছিল না।
শেরপুরের নালিতাবাড়ী, গারো পাহাড়ের পাদদেশে বেড়ে ওঠা আমাদের কাছে নদীর বুকে এমন নৌবিহার খুব একটা পরিচিত অভিজ্ঞতা নয়। তাই বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনার বুকে দিনব্যাপী নৌযাত্রা ছিল আমার জন্য একেবারেই নতুন। নদীর বুকে এমন দীর্ঘ সময় কাটানো, চারপাশের পরিবেশ উপভোগ করা এবং এত মানুষের সঙ্গে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া সত্যিই অন্য রকম এক অভিজ্ঞতা ছিল।
সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১ হাজার ১৫০ বন্ধুর একসঙ্গে থাকা। সারা দিন একসঙ্গে নৌযাত্রা, খাবার খাওয়া, গল্প, আড্ডা আর হাসি-আনন্দে সময় কাটানো—সবকিছুই ছিল উপভোগ্য। অনেকের সঙ্গে এর আগে কখনো দেখা হয়নি, পরিচয়ও ছিল না, তাঁরাই অল্প সময়ের মধ্যে কতটা আপন হয়ে উঠতে পারেন, তা সেদিন উপলব্ধি করেছি।
মাত্র এক দিনের পরিচয়ে এত আন্তরিকতা ও ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়া। জেলা, উপজেলা কিংবা ভৌগোলিক দূরত্বের কোনো ভেদাভেদ ছিল না। সবাই যেন একই পরিবারের সদস্য।
কিছু ছোট ছোট মুহূর্তও মনে বিশেষ জায়গা করে নিয়েছে। যেমন যশোর বন্ধুসভার একজন আপু তাঁদের এলাকার ঐতিহ্যবাহী মুড়ি ও খেজুরের গুড় মাখিয়ে আমাদের খাইয়েছেন। খাবারের স্বাদের পাশাপাশি এর মধ্যে যে আন্তরিকতা ও ভালোবাসা ছিল, সেটিই ছিল বেশি ভালো লাগার।
আরেকটি ভালো লাগার বিষয় ছিল, বন্ধুসভার পক্ষ থেকে প্রত্যেক সদস্যের জন্য ছোট্ট উপহারের ব্যবস্থা। উপহারটি হয়তো আকারে খুব বড় কিছু ছিল না, কিন্তু এর মধ্যে ছিল আয়োজকদের আন্তরিকতা ও ভালোবাসার প্রকাশ। দুপুরে কাচ্চি ভাইয়ের পরিবেশিত খাবারটিও ছিল অসাধারণ।
সাংস্কৃতিক পর্বে এমন কোনো পরিবেশনা ছিল না, যেটি ভালো লাগেনি। দিনের শেষ দিকে জামালপুর বন্ধুসভার একজন বন্ধুর গান বিশেষভাবে মনে থাকবে। তাঁর গানের তালে সব বন্ধু নাচতে বাধ্য হন। মজার বিষয় হলো, ব্যক্তিগতভাবে আমি তেমন নাচতে পারি না, এমনকি আগে কখনো কারও সঙ্গে নাচাও হয়নি। অথচ সেদিন নিজের অজান্তেই অনেক সময় নেচেছি। বিষয়টি এখনো ভাবলে অবিশ্বাস্য মনে হয়।
র্যাফল ড্রও ছিল বেশ রোমাঞ্চকর। নিজের লটারি নম্বর ১০০৩৪৬ নিয়ে অপেক্ষা করছিলাম, যদি ভাগ্য সহায় হয়! দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর ঘোষণা করা হলো ১০০৩৪৭। নিজের নম্বরের সঙ্গে মিলিয়ে দেখার পর মনে হলো, আহা! মাত্র শেষের একটি ডিজিটের ব্যবধানে যেন পুরস্কারটি আমাকে ছুঁয়ে চলে গেল! শেষ পর্যন্ত পুরস্কারটি না পেলেও ঘটনাটি দিনটির স্মৃতিতে যোগ করেছে এক মজার আক্ষেপ। হয়তো অনেক দিন পরেও ঘটনাটি মনে পড়লে হাসি পাবে।
বন্ধুসভার এমন আয়োজন শুধু আনন্দ বা বিনোদনের জন্য নয়; বরং একে অপরকে জানার, নতুন সম্পর্ক তৈরি করার এবং একটি বৃহত্তর বন্ধুত্বের কমিউনিটি গড়ে তোলার দারুণ সুযোগ। আমাদের এই বন্ধুত্বের পরিসর যত বড় হবে, ভালো কাজ করার সুযোগও তত বাড়বে। নিজেদের মানসিক প্রশান্তি ও আনন্দের পাশাপাশি এই বন্ধনকে কাজে লাগিয়ে সমাজ, দেশ ও মানুষের কল্যাণে আরও ভালো ভালো উদ্যোগ নেওয়া সম্ভব।
বন্ধুত্বের এই বন্ধন আরও দীর্ঘ হোক, আরও বিস্তৃত হোক। আবারও দেখা হোক নতুন কোনো আয়োজনে, নতুন কোনো গল্পের অপেক্ষায়।
বইমেলা সম্পাদক, নালিতাবাড়ী বন্ধুসভা