মনে হচ্ছে এখনো সবার সঙ্গে লঞ্চেই আছি

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরাছবি: লেখকের সৌজন্যে

মনে হচ্ছে এখনো সবার সঙ্গে লঞ্চেই আছি! বর্তমান ও সাবেক সভাপতির কাছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া প্রথম ‘এসো মিলি জলধারায়’ বন্ধুদের মিলনমেলার গল্প শুনেছিলাম অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে। তখন থেকেই মনের মধ্যে একটা আশার প্রদীপ জ্বলতে শুরু করে, আমরাও এবারের আয়োজনে অংশ নেব।

যেই ভাবনা সেই কাজ। নিবন্ধন সবার জন্য উন্মুক্ত করা হলে বন্ধু প্রিয়রঞ্জন নিজে নিবন্ধন করল এবং আমাকেও নিবন্ধন করতে সাহায্য করল। ময়মনসিংহ থেকে আমরা সবাই যেন একসঙ্গে ঢাকা যেতে পারি, সেই ব্যবস্থা করল বন্ধু রাহিম।

রাতের ট্রেনে চড়ে সকালে কমলাপুর স্টেশনে পৌঁছে দেখি, আমাদের সবাইকে সদরঘাট নিয়ে যাওয়ার জন্য বিআরটিসির ডাবল ডেকার বাস দাঁড়িয়ে আছে। ট্রেনে গান আর আড্ডায় কখন যে ঢাকায় চলে এলাম, বুঝতেই পারলাম না। নির্ঘুম রাত কাটানোর পরও শরীরে কোনো ক্লান্তি নেই। বন্ধুসভা থেকে পাঠানো খুদে বার্তা (মেসেজ) দেখিয়ে উঠে পড়লাম নির্ধারিত লঞ্চ ‘এমভি প্রিন্স আওলাদ-৭’-এ। সকালের নাশতা সেরে আয়োজনের টি-শার্ট পরে নিচে এসে দেখি, মূল অনুষ্ঠানের আগে মঞ্চে গান পরিবেশন করছেন বন্ধু মিনহাজুর ও উজ্জ্বল।

রাতের ট্রেনে চড়ে ঢাকায় আসি
ছবি: লেখকের সৌজন্যে

জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি ও সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতান।

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে প্রথম আলো বন্ধুসভার ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’-এর মিলনমেলায় নদীর বুকে ভাসছি আমরা! এই অনুভূতি শুধু কল্পনাই করা যায়, ভাষায় বর্ণনা করা কঠিন। দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ জন সক্রিয় সদস্য এই আয়োজনে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে আমিও একজন; বিষয়টি ভাবতেই ভালো লাগছে।

রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর মোহনা হয়ে আবার সদরঘাট নৌপথে দিনব্যাপী এই আনন্দ আয়োজন উদ্‌যাপিত হয়। প্রায় ১০ ঘণ্টার এক চমৎকার নৌভ্রমণ শেষে মাইকে ঘোষণা এল, কিছুক্ষণের মধ্যেই আমরা সদরঘাটে পৌঁছে যাব। সবশেষে প্রথম আলো বন্ধুসভার ২৮ বছর পূর্তি উপলক্ষে ২৮ পাউন্ডের কেক কাটার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অর্থ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা

আরও পড়ুন