কেবল দক্ষতা যথেষ্ট নয়, ক্যারিয়ারে এগোতে যা করতে হবে

কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার কারণে যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্যারিয়ারে এগোনোর পদ্ধতিতেও পরিবর্তন এসেছেছবি: ফ্রিপিক

অনেকেই মনে করেন, যদি তাঁরা মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে কাজই তাঁদের হয়ে কথা বলবে। সেটা হতে পারে পদোন্নতি বা স্যালারি বৃদ্ধি। কিন্তু তাঁদের ধারণা ভুল। কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার কারণে যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্যারিয়ারে এগোনোর পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। যাঁরা কেবল কঠোর পরিশ্রম করেন, অধিকাংশ সময় তাঁরা সত্যিকার অর্থে তেমন এগোতে পারেন না; বরং যাঁদের কাজ দৃশ্যমান হয়, তাঁরাই এগিয়ে যান।

লিংকডইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে অনলাইনে চাকরির আবেদন দ্বিগুণ হয়ে গেছে। এর মধ্যে এআই–সংশ্লিষ্ট চাকরির আবেদন ১ দশমিক ৩ মিলিয়ন। আর যাঁরা ফ্রিল্যান্স করেন বা ডিজিটাল ক্রিয়েটর, লিংকডইনে এই পজিশনে কাজ ৯০ শতাংশ বেড়েছে এবং প্রতিষ্ঠাতা পদবি বেড়েছে ৭০ শতাংশ। অন্যদিকে নিজ নিজ কর্মক্ষেত্রে যাঁরা কেবল কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তাঁরা পেছনেই পড়ে রয়েছেন। বিষয়টি এমন নয় যে তাঁদের মেধা বা জীবনের লক্ষ্যে ঘাটতি রয়েছে; বরং সহজ উত্তর হলো, তাঁদের কাজ অনলাইনে তেমন দৃশ্যমান হয় না।

ভালো দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা কেন নিজের কাজের প্রচার কম করেন
একটা সময় পর্যন্ত নিজেই নিজের ঢোল পেটানো বা প্রচারণা করাকে ভালো চোখে দেখা হতো না। মানুষ কটু কথা বলত। এখনো বাংলাদেশের সমাজে এই ট্যাবু অনেকটা রয়ে গেছে। ফলে দক্ষতাসম্পন্ন অনেকেই নিজের কাজটা নীরবেই করে যেতে পছন্দ করেন। ডানিং–ক্রুগার প্রভাব এ বিষয়টি এভাবে ব্যাখ্যা করে যে, অত্যন্ত দক্ষ ব্যক্তিদের মধ্যেই তাঁদের দক্ষতাকে অবমূল্যায়ন করার প্রবণতা দেখা যায়। কারণ, তাঁরা জানেন যে তাঁদের এখনো কতটা দক্ষ হওয়া বাকি আছে। অন্যদিকে যাঁরা কম দক্ষ, তাঁদের মধ্যে নিজেদের অতিরিক্ত দক্ষ হিসেবে প্রচারের প্রবণতা দেখা যায়।

সবাই নিজেদের দক্ষতাকে প্রচার করাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এবং এটা চানও না। অনেকেই মনে করেন, যদি তাঁরা ভালো কাজ করেন, অন্যরা সেটা লক্ষ করবেন। কিন্তু একই সময়ে যখন অনলাইনে চাকরির আবেদন দ্বিগুণ হয়ে গেছে এবং ডিজিটাল ক্রিয়েটরদের কাজ মেইনস্ট্রিমে বেশি আলোচিত হয়, তখন দৃশ্যমান ছাড়া কাজের দক্ষতা অদৃশ্যমানেরই সমান।

আরও পড়ুন

দৃশ্যমান কেবল পারফরম্যান্স নয়, এটি কমিউনিকেশন
দৃশ্যমান হওয়া মানে, ভালো কাজ করছে এমন নয়; বরং দৃশ্যমান মানে, আপনি কী চিন্তাভাবনা করছেন, সেটি অন্যদের দেখানো এবং এমন কিছু, যা নিয়োগকর্তারা খুঁজছেন। ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরের চাকরির ইন্টারভিউয়ে প্রায়ই দেখা যায়, যিনি ইন্টারভিউ নেন, তিনি চাকরিপ্রার্থীর কাছে কিছু একটা তৈরি করে দেখাতে বলেন। নিয়োগকর্তারা এটা খেয়াল করেন যে চাকরিপ্রার্থী চ্যালেঞ্জটিকে কীভাবে গ্রহণ করছেন। চাকরিপ্রার্থীর মধ্যে তাঁরা দেখতে চান—কাজটি নিয়ে কৌতূহল, সমস্যা সমাধানের দক্ষতা ও ব্যর্থতাকে কতটা পজিটিভভাবে গ্রহণ করতে পারে তা। যাঁরা বেশি মেধাবী, তাঁরা প্রায়ই এই দক্ষতা স্পষ্টভাবে দেখাতে ব্যর্থ হন।

যেভাবে আপনার দক্ষতাকে দৃশ্যমান করবেন

প্রথম ধাপ: দক্ষতার প্রচারণা
যদি আপনি আপনার কাজের কোনো না কোনো অংশে এআই ব্যবহার করেন, তাহলে সেটা রিজিউম ও লিংকডইন প্রোফাইলে যুক্ত করুন। কারণ, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো এই দক্ষতাসম্পন্ন লোকদের এখন বেশি খোঁজে। আপনি কেমন প্রতিষ্ঠানে ও কোন সেক্টরে কাজ করতে চান, সেটায় স্পষ্ট হতে হবে। যেমন ‘মার্কেটিং’ সেক্টর থেকেও বেশি শক্তিশালী ‘মার্কেটিং জব ইন হেলথকেয়ার’। এখানে কোন খাতের মার্কেটিংয়ে কাজ করতে চান, সেটা স্পষ্ট বেশি। এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে চাকরির বাজারে বেশি দৃশ্যমান করবে।

লিংকডইনে এখন এভাবে নির্দিষ্টভাবে চাকরি খোঁজা আরও সহজ হয়ে গেছে। এমনকি আপনি আপনার পছন্দের শহর বা অঞ্চলেও চাহিদা অনুযায়ী চাকরি খুঁজতে পারবেন।

দ্বিতীয় ধাপ: লিংকডইনে বিশ্বাসযোগ্য হওয়া
ভেরিফায়েড লিংকডইন সদস্যরা গড়ে ১৯ শতাংশ বেশি ইনমেইল এবং ৬০ শতাংশ বেশি প্রোফাইল ভিউ পান। এ ছাড়া এখন ডেসক্রিপ্ট (Descript), রেপলিট (Replit) ও লোবেবল (Lovable)–এর মতো বিভিন্ন এআই টুলসে আপনি দক্ষতা যাচাই করে তা সরাসরি আপনার লিংকডইন প্রোফাইলে দেখাতে পারবেন।

লিংকডইনের পার্টনার ইকোসিস্টেমও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। শিগগিরই এতে গামা (Gamma), গিটহাব (GitHub) ও জ্যাপিয়ার (Zapier) যুক্ত হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই যাচাইকরণের সুবিধা ধাপে ধাপে চালু হবে।

তৃতীয় ধাপ: ডিজিটাল ক্রিয়েটরের মতো চিন্তা করুন
যদি আপনি বড় পরিসরে নিজেকে দৃশ্যমান করতে চান, তাহলে একজন ডিজিটাল ক্রিয়েটরের মতো চিন্তা করুন। তার মানে এটা নয় যে আপনাকে ইনফ্লুয়েন্সার হতে হবে বা নিজের প্রতিটি কাজ ভিডিও রেকর্ড করতে হবে। এর মানে হলো, ইন্ডাস্ট্রির নানা তথ্য ও বিশ্লেষণ, পর্দার আড়ালের অভিজ্ঞতা এবং কী কী শিখেছেন, সেই বিষয়গুলো শেয়ার করা। সবচেয়ে সফল ব্যক্তিরা এসব বিষয় উপস্থাপনের জন্য ছোট পোস্ট, দীর্ঘ নিউজলেটার বা ভিডিও তৈরি করে শেয়ার করেন।

মানুষ যদি না–ই জানে আপনি কী করেন, তাহলে আপনি কীভাবে তাদের সাহায্য করবেন। যদি মানুষ আপনাকে খুঁজে না পায়, আপনার পদোন্নতি হবে না। দৃষ্টি আকর্ষণের জন্যই নিজের প্রচারণা করতে হবে। দ্রুত বদলে যাওয়া চাকরির বাজারে এগিয়ে থাকতে চাইলে শুধু দক্ষতা থাকলেই হবে না, নিজেকে দৃশ্যমানও করতে হবে।

সূত্র: সাইকোলজি টুডে