এই শরতে হবে দেখা

১৬ আগস্ট শুক্রবার দুপুরে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন ফেসবুকে একটি পোস্ট করলেন, ‘কে আছিস/ একা একা অফিসে/ কোথা চা/ কোথা গেল কফি সে!’ বন্ধুরা অনেকেই ঢাকার বাইরে। বাড়িতে ঈদ উদ্যাপন করছেন। এদিকে বন্ধুসভার অফিস বন্ধুশূন্য। একাকীত্বকে বোঝানোর জন্যই তিনি ফেসবুককে বেছে নিলেন। তবে এই ফেসবুক স্ট্যাটাসে অনেকেই কমেন্ট করল। শিগগিরই ঢাকা ফেরার কোথা জানালেন। আমিসহ কয়েকজন বললাম, আজ বিকেলেই দেখা হবে। অফিসে আসছি।

আমি কারওয়ান বাজার বিএসইসি ভবনে ছিলাম। এখানে আমার কর্মক্ষেত্র। বেসরকারি টেলিভিশনে কাজ করি। কর্মজীবী হিসেবে আমাকেও ঈদের ছুটি কাটিয়ে দ্রুত ঢাকায় ফিরতে হয়েছে। ঢাকায় আসার সময় বন্ধুদের জন্য উপহার হিসেবে এনেছিলাম সুন্দরবনের কেওড়া ফল। সেই ফল অফিসের সহকর্মীদেরও দিয়েছি। আরও কিছু সঙ্গে রেখেছিলাম বন্ধুদের উপহার দেওয়ার জন্যে। কেওড়া নিয়ে বিকেলে বন্ধুসভার কক্ষে প্রবেশ করলাম। মহানগর বন্ধুসভার বন্ধু উল্কা চৌধুরী আমার আগে উপস্থিত হয়েছেন। বন্ধুদের জন্য আনা কেওড়া ফল রওশন ভাই ও উল্কার হাতে তুলে দিলাম।
বন্ধুসভার সভাপতি পরামর্শ দিলেন, বন্ধুরা ঢাকায় ফিরলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় কি না। আমরা দুজন সম্মতি দিলাম। তিনজন মিলে পরামর্শ করলাম। এরপর অনুষ্ঠানের শিরোনাম খুঁজতে থাকলাম। ‘দেখা হবে বন্ধু’, ‘এই শরতেও হবে দেখা’, সবশেষ ‘এই শরতে হবে দেখা’ শিরোনামটি ভালো লাগল। এবার অনুষ্ঠানের তারিখ নির্ধারণের পালা। আয়োজনের আগে সপ্তাহখানেক সময় দরকার। বেশ কয়েকটা তারিখ ভাবার পর অবশেষে ২২ আগস্ট বৃহস্পতিবার সবার কাছে উপযুক্ত মনে হলো। অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হলো সিএ ভবনের চতুর্থ তলায়।
অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব আমিই নিলাম। ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলাম। ২২ আগস্ট টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। বন্ধুরা তাঁদের বৈঠকটি অনুষ্ঠানস্থলে করার সিদ্ধান্ত নিলেন। ড্যাফোডিল বন্ধুসভার সাপ্তাহিক বৈঠকও বাতিল করে অনুষ্ঠানে আসার সিদ্ধান্ত নিলেন। এভাবে অনুষ্ঠান সফলতার দিকে যেতে শুরু করল। নবীন অনেক বন্ধু অনুষ্ঠানে উপস্থিত হওয়ার ইচ্ছার কথা জানালেন। অনেকেই বিভিন্ন ধরনের পরিবেশনায় অংশ নিতে চাইলেন।

২২ আগস্ট বিকেল ৪টায় হঠাৎ ঢাকার আকাশ ভেদ করে বৃষ্টি নামে। সব বাধা উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ জন বন্ধু। উপস্থিত হলেন ড্যাফোডিল বন্ধুসভার সিটি ক্যাম্পাসের ১৫ জন বন্ধু। এরপর মুহূর্তেই অর্ধশতাধিক বন্ধু উপস্থিত হন। ভরে যায় অনুষ্ঠানস্থলে। হঠাৎ জানা যায়, পূর্বনির্ধারিত দুজন উপস্থাপকের মধ্য থেকে একজন অসুস্থতা বোধ করছেন। মুহূর্তেই নতুন উপস্থাপক হিসেবে আমি যোগ দিলাম। সঙ্গে ছিলেন উল্কা চৌধুরী। অনেকটা মজা করেই উপস্থাপনা শুরু হলো।
অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা ‘প্রেমময়’ আবৃত্তি করেন ঢাকা মহানগরসভার শুচিতা সপর্যা, নির্মেলেন্দু গুনের ‘কাশফুলের কাব্য’ আবৃত্তি করেন শাহিন মাহফুজ, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘ভালোবাসি’ কবিতাটি আবৃত্তি করেন তানজিয়া শারমিন, রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ আবৃত্তি করেন বৈশাখী ঘোষ। এছাড়াও আবৃত্তি করেন মৌসুমী মৌ, রাজু, মম জামিত ও আশফা আশরাফ।
‘আমার মন পাখিটা যায়রে উড়ে যায়’ ও ‘শ্রাবণও মেঘে নাচে নটোবর’ গান দুটি পরিবেশন করেন নরসিংদীর ইফাত রাখিল রাতিন।
‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে’ ও ‘আমি অপার হয়ে বসে আছি’ গেয়ে শোনান পৌলমী অদিতি অন্তরা। ‘এই ঘেষলা দিনে একলা ঘরে থাকে না তো মন’ ও ‘সোনারও পাখি উইড়া গেলে কেমনে পাইবি তারে’ গান দুটি পরিবেশন করেন সাবরিনা সাবা।আরও গান করেন আশফা আশরাফ।
অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পপি দাসের হাতে ফুলের তোড়া তুলে দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি দন্ত্যস রওশন ও মহানগরের সাধারণ সম্পাদক কামরুন্নাহার মৌসুমি।
শরতের অনুষ্ঠান, তাই আবৃত্তিশিল্পীদের সংখ্যাটাই বেশি ছিল। নতুনদের ছোঁয়া ছিল অনুষ্ঠানে। আয়োজনে বহুদিনের অদেখা বন্ধুও উপস্থিত হয়েছিলেন। প্রিয় বন্ধুকে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে নিয়েছেন। বৃহস্পতিবার শহরের এই বন্দীজীবনে বন্ধুদের মনে সত্যিই শরতের ছোঁয়া লেগছিল, যা বন্ধুর সাজে, চোখের চাহনিতে ও ছবিতে বলে দেয়।