স্মৃতির ধুলো

অলংকরণ: মাসুক হেলাল

ছোট্ট যখন ছিলাম আমরা দেখতে যেতাম নদী
বাড়ি থেকে তিন কিলো দূর বইত নিরবধি
বন্ধুরা সব মিলে আমরা ছুটতাম নদীর পানে
অজানা এক আনন্দের ঢেউ খেলত মনের কোণে।

মাঝি-জেলে ভাসত জলে গাইত সুখে যে গান
নৌকা খেলা দেখতাম প্রায় জুড়াইত মন ও প্রাণ
শরতের কাশ, হরেক পাখির ছিল আনাগোনা
শুশুকগুলো নিশ্বাস নিত করতাম ভাই গণনা।

হঠাৎ করে কী যে হলো ব্রহ্মপুত্র নদের
হেঁটে হেঁটে এল বাড়ি পিছু করে মোদের
কত মানুষ, চেনা মুখ আর হাজার হাজার বাড়ি
খুঁজে ফিরি আজও আমরা স্মৃতির ধুলো ঝাড়ি।