মেয়েটি

প্রতীকী ছবি
অলংকরণ: বাবুল হোসাইন সোহাগ

মেয়েটির লাল রং খুব পছন্দ

আপনজনের মতো, লাল টিপ তার কপালজুড়ে থাকে বারো মাস।

লাল শাড়িতে সে খুঁজে পায়

তার সকল আনন্দ,

আলতা তার শৈশবের সখী

কাচের লাল রেশমি চুড়ি ভীষণ ভালোবাসে সে।

লাল টিপ,আলতা, লাল চুড়ি আর লাল শাড়ি

নিয়ে স্বপ্ন বুনে আনমনে একের পর এক।

কৈশোর ছেড়ে যৌবনে এসে সে অনুধাবন করে

তার পৃথিবী জুড়ে লাল নয়,

চারদিকে হেসে বেড়ায়

অন্য রং।

এখন মেয়েটির নীল রঙের সাথে নিত্য বসবাস।

তবে তার মনের এক কোণে সযতনে রাখা আছে,

প্রিয় লাল শাড়ি, আলতা, কাচের চুড়ি আর

বড় একটা লাল টিপ।

হয়তো কোনো এক ভোরের প্রতীক্ষায়।