মেঘের খোলস উপুড় হলেই নামবে বৃষ্টি মেয়ে
ঘুম ভাঙে তার মেঘের দেশে ছুটির নোটিশ পেয়ে।
বৃষ্টি মেয়ে ঘুমিয়ে ছিল সাফেদ মেঘের বাড়ি
কড়মড়কড় চাপল কলিং আকাশ তাড়াতাড়ি...
আলসে মেয়ে ঘুমিয়ে কেন খবর তুমি জানো?
রিনঝিনঝিন ঘুঙুর পরে গাইবে জলের গানও..
যাও ছুটে যাও সবুজ দেশে মেঘ গলিয়ে নিয়ো
গাছের ধূসর পাতার বুকে বৃষ্টি ছুঁয়ে দিয়ো।
জমবে পানি পুকুর ডোবায় হাসনাহেনার টবে
বৃষ্টিভেজা জলকেলিতে দারুণ মজা হবে।
ভিজিয়ে দিও শুষ্ক মাটি কলমি পুঁইয়ের লতা
বৃষ্টি তোমার মিষ্টি ছোঁয়ায় ভাঙবে নিরবতা।
ভিজিয়ে দিও পাখির বাসা হলদে কদম ডাল
আলসেমিকে জানাও আড়ি এখন বর্ষাকাল।