পলিমাটি: মাসুদ পারভেজ
আমাদের গোড়ায় পলিমাটি
বছরে দু-একবার টঙ্কাবতী কিস্তিতে দিয়ে যায়।
আমরা উর্বর হই, সাথে সবুজ গাছপালা;
আমাদের সাথে সাথে তারাও বেড়ে ওঠে।
তারা এখন পরিণত—কোনোটা ফলজ,
কোনোটা সুঠাম দেহে আকাশের সাথে কথা বলে।
আমরা আকাশ দেখি না, তারপরে আরও কিছু।
নিচে দেখার প্রশ্নই ওঠে না, আমরা এত নীচ না।
আমাদের কেউ কেউ কাঠমিস্ত্রি; গাছ কেটে পালঙ্ক বানায়
আমরা পালঙ্কে শুয়ে শুয়ে মানুষ কাটার স্বপ্ন দেখি।
আমাদের পরের প্রজন্ম পলিমাটিতে উর্বর হচ্ছে,
তারাও পরিণত হবে।
টঙ্কাবতী কিস্তিতে পলিমাটি দিয়ে যায় বছরে দু–একবার।