তোমায় ভালোবেসে

অলংকরণ: তুলি

বেলি, গোলাপ, গন্ধরাজ আর বকুল, হাসনাহেনা
তোমায় ভালোবেসে আমার হাজার সুবাস চেনা।
যূথী, গাঁদা, কদম কিংবা কাঠগোলাপের সাজে
হারিয়েছি এই আমারেই আমি তোমার মাঝে।

শাপলা, শালুক, কলমিভরা নির্জন কোনো বিলে
ডিঙায় করে দেখব বিকেল তুমি আমি মিলে।
ডাহুক হয়ে কাটব সাঁতার তোমার রূপে মজে
এলো চুলের খোঁপায় আহা! গোলাপ দেব গুঁজে।

রক্তিম রঙা জবা হয়ে দুলব দখিন হাওয়ায়
ফুলে ফুলে থাকবে তবে তুমি আমার চাওয়ায়
তোমার গলের মালা হব, হব কানের দুল
তোমায় ভালোবেসেই হব আমি বুনোফুল।