তোমার পানে

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

প্রাতের গরম চায়ের উষ্ণ ছোঁয়া
আর শীতের কনকনে আঁচড় যেন
তোমার প্রভাতসংগীতের প্রারম্ভিকায়।
আমার অবলা যত ধ্বনির সমাহার
তোমার পানে এঁকে দেয় ভালোবাসার
মায়াভরা তৈলচিত্র।
তোমার শুষ্ক অধরের কার্নিশে উপচে পড়া
যত অভিমান আমাকে তাড়িয়ে বেড়ায়—
প্রেমের অকূল দরিয়ার শূন্য দ্বীপের খোঁজে।
যেথায় ছোট্ট আবাস হবে, শুধু তুমি আমি।
সন্ধ্যা নামার অপেক্ষায় কেটে যাবে শত ব্যস্ততার পীড়ন।

আমার কাছে তোমার হাজারো দাবি–
খোলা মাঠের দুরন্ত ষাঁড়ের মতো কখনো আমার পিছু নেয়নি।
কখনো তুমি নামক বস্তুটিকে দিতে পারিনি
দুদণ্ড শান্তির মিষ্টতা।
প্রতিদানে গ্রহণ করেছি সহস্র স্বপ্নকথন।
মাঘের সন্ন্যাসীর মতো ভেবে যাই কোনো রিক্ত কবির কল্পনা।
হয়তোবা ঘেটুপুত্রের মতো নেচে যাওয়া
হাল ছাড়া কোনো নাবিক।
পথ খুঁজে পাব হয়তো কোনো অচেনা পথের বাঁকে।