পাখি হবার ইচ্ছে জাগে
খোকার ছোট্ট মনে,
ইচ্ছে যে তার পাখির মতো
ঘুরবে গহিন বনে।
খোকার মনে অনেক আশা
থাকবে দুটি ছানা,
তাদের নিয়ে খেলবে খোকা
করবে কে আর মানা!
এই তো ভেবে খোকা বসে
গাছগাছালির নিচে,
থাকত যদি দুটি ডানা
উড়ত পাখির পিছে।
খোকার মনটা ভীষণ খারাপ
ডানার কথা ভেবে,
সে তো মানুষ, কী আর করার
ডানা কে বা দেবে।