কস্তুরিনামা

অলংকরণ: মাসুক হেলাল

এখানকার বাতাস তোমার পরশ ভুলে গেছে,
এখন আর হাওয়ায় দোল খায় না তোমার শরীরের গন্ধ।
ভারী কাপড়ে নাসিকা আচ্ছাদনের পরও
মাস্ক ডিয়ারের মৃগনাভির তীব্র সুঘ্রাণে
শিকারী যেমনটা মাতাল হয়,
একটা সময় আমিও তেমন ছিলাম।
আমার অলক্ষে তুমি যেদিকেই যেতে,
তার ঘ্রাণ আমি অবলীলায় পেয়ে যেতাম।
মুগ্ধতায় মোহগ্রস্ত হয়ে তোমার পিছু নিতাম।

মৃগনাভিশিকারীর সাথে আমার তফাৎ শুধু এই,
মৃগনাভিশিকারী শিকার হাতে পেলে
কতল করে কস্তুরি নিয়ে যায়,
আমি তা কল্পনাও করিনি।
আমি শুধু মদির ঘ্রাণেই মুগ্ধতার জাল বুনতাম।
ঘুণাক্ষরেও ভাবিনি কোনোদিন
অন্য শিকারীর ফাঁদে তুমি ধরা দেবে
এত সহজে নিজে থেকেই।

পুটিয়া, নরসিংদী