কষ্ট

অলংকরণ: মাসুক হেলাল

কষ্টগুলো মেঘের মতো;
হৃদয়াকাশে জড়ো হয়,
উদাসী মন বাতাসের মতো
মেঘগুলোকে তাড়া করে,

মেঘগুলো পরস্পরের গায়ে ধাক্কা খায়;
বাজ পড়ে বুকের পাঁজরে;
দুমড়েমুচড়ে যায় বুকের হাড়।

অতঃপর
শুরু হয় ভারী বর্ষণ,
ক্রমাগত বর্ষণে আষাঢ় নামে চোখে,
আষাঢ় বানে ভেসে যায় আমার;
সমুদয় বাঁচার অভিপ্রায়।