শোনো কথাকুমারী...
বৃষ্টি হলে আসবে কি তুমি?
বসবে কি পাশে?
হাতে হাত রেখে ভিজবে কি এই বর্ষায়?
আমি আবারও ফিরে যেতে চাই হারিয়ে তোমার মনের মাঝে
যেখানে ভালোবাসা আমায় নিয়ে সাজাও ভোর-সকাল-সাঁঝে।
শোনো কথাকুমারী...
রাতের গভীরতায় তোমার ওই ভেজা চোখে
আর তার জড়ানো মায়ায়
দুঃখ ভুলে রাখবে কি চোখে চোখ?
খুঁজবে কি ভালোবাসা,
ভালোবাসতে দেবে কি আমায়?
শোনো কথাকুমারী...
বৃষ্টি থেমে রংধনু হাসলে,
শাড়ি পরে দখিনা হাওয়ায় ওই খোলা চুলে,
লাজুক হাসিতে আসবে কি তুমি?
বলবে কি কথা, সব লুকানো কষ্ট ভুলে?
শোনো কথাকুমারী...
দূর আলাপনে কথা বলো যখন মিষ্টি হেসে
আমি চেয়ে থাকি ওই হাসিমাখা চোখে
মনে হয় যেন আছ তুমি পাশে
থাকবে যেন সারা জীবন ভালোবাসার পরশ মেখে।
আমি আবারও ফিরে যেতে চাই হারিয়ে তোমার মনের মাঝে
যেখানে ভালোবাসা আমায় নিয়ে সাজাও ভোর-সকাল-সাঁঝে।