আমাকে নিয়ে চলো

আমাকে নিয়ে চলো চির সবুজের বুকে,
যেখানে আমের মুকুল, প্রজাপতি, ফড়িং
আর ভ্রমরার খেলা হয়।
নিয়ে চল সেখানে
যেখানে জোনাকির ডানায় চড়ে সন্ধ্যা হয়।

আমাকে নিয়ে চলো প্রিয়তমার কাছে,
যেখানে বেলের তালা ভরা বিন্নি ধানের খই,
খেজুরের গুড় আর তাল পাতার বাতাস খেয়ে প্রাণ জুড়ায়।
নিয়ে চলো আমাকে প্রণয়ী কল্লোলিনীর কিনারে,
যেখানে কুসুম কোমল জল, বুনোহংস
আর সোনালী ডানার চিলের ভুবনজোড়ানো মায়া।

আমাকে নিয়ে চলো হিমপরীর দেশে,
যেখানে সুর্য মিলায় পানিতে
আকাশ মাটিতে বন্ধুত্ব হয়।
নিয়ে চলো সেখানে
যেখানে চোখ মেলে তাকালেই বুক জুড়ায়।
আমাকে নিয়ে চলো আমার মায়ের কাছে
আমার দেশ আমার মা।