আজও খুঁজে চলেছি

অলংকরণ: মাসুক হেলাল

আমি প্রেম খুঁজিনি, আমি ভালোবাসা খুঁজিনি।
তবে দিগন্ত জুড়ে খুঁজেছি শুধু তোমায়।
বারংবার খুঁজেছি।
হয়তো কখনো কারণে খুঁজেছি কিংবা অকারণে।
নিয়মে-অনিয়মেও কম খুঁজিনি তোমায়।
আকাশে খুঁজেছি, বাতাসে খুঁজেছি, খুঁজেছি অথই সাগরে।
আমি অনুভূতি খুঁজিনি, আমি অভিমান খুঁজিনি।
তবে মায়ার ছড়াছড়িতে বাকরুদ্ধ হয়ে তোমায় খুঁজেছি।
বুকের স্পন্দনে খুঁজেছি, খুঁজেছি শহরের মুখরিত কোলাহলে।
পাখির কিচিরমিচির শব্দেও খুঁজতে ভুলিনি তোমায়।

স্নিগ্ধ সকালে খুঁজেছি, গোধূলি বিকেলেও খুঁজেছি, নিস্তব্ধ রাতেও বা কম কি।
আমি শূন্যতা খুঁজিনি, আমি পূর্ণতা খুঁজিনি।
তবে তোমাকে পাবার স্বাদে খুঁজে চলেছি সেই ঠিকানা।
এপারে খুঁজেছি, ওপারে খুঁজেছি, খুঁজেছি তোমায় সীমান্তে।
জ্যোৎস্না কিংবা অমাবস্যাতেও খুঁজতে ভুল হয়নি কখনো।
আষাঢ়ে খুঁজেছি, শ্রাবণে খুঁজেছি, খুঁজেছি অশুদ্ধ অন্তরেও।
সত্যি বলতে
তোমার আমার এই বোঝাপড়ার অর্থহীন প্রাপ্তির মাঝে নিজেকে খুঁজিনি,
কখনো বিষণ্নতার মাঝে মনের কথায় কর্ণপাত করিনি।