আকাশের ওপারে আকাশ

প্রতীকী ফাইল ছবি

প্রতিথি, এই যে দেখছ ফ্যাকাশে আকাশ
এই আকাশের ওপারে আরেকটি সুনীল আকাশ আছে।
ওই আকাশের নিচে ছিল আমার বসতি,
আমার কৈশোরের স্বপ্নবুনন।
ছিল কিছু প্রিয় পাখিদের মুখ, মায়ের হাসি
বাবার শাসন, ভাইয়ের বিবাদ, বোনের আবদার
আর ছিল অবিকল তোমার মুখের মতো একটি মুখ।

ফ্যাকাশে এই আকাশের আড়ালে
হারিয়ে গিয়েছে আমার প্রিয় সেই সুনীল আকাশ,
এ আকাশ আমাকে জিততে দেয় না
অথচ ওই আকাশ আমাকে কখনো হারতে দিত না।

প্রতিথি, আমি ভালোবাসতে শিখেছিলাম
ওই দূর সুনীল আকাশের নিচে
আর আজ ভালোবাসতে ভুলে গেছি
এই ফ্যাকাশে আকাশের নিচে।