তুমি যে আমাকে দাম দাও না, পাত্তা দাও না, ভালোবাসো না; এসব অভিযোগ একটা প্ল্যাকার্ডে লিখে আমি একদিন জামালখানের রাস্তা অবরোধ করব।
তারপর, শহরজুড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে।
পত্রিকায় বড় বড় করে ছাপা হবে ‘প্রেমিকের বিক্ষোভ’
নিউজ চ্যানেলগুলো হেডলাইন করবে, ‘এদিকে শহরের রাস্তায় অভিমানী প্রেমিকের প্ল্যাকার্ড হাতে প্রেমিকার বিরুদ্ধে বিক্ষোভ’
তারপর তোমার কাছে নগরভবন থেকে ফোন আসবে।
বলা হবে, আপনি দয়া করে আপনার প্রেমিকের অভিমান ভাঙান।
শহরজুড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
বিপর্যস্ত হচ্ছে জনজীবন।
আপনি দয়া করে আপনার প্রেমিকের অভিমান ভাঙান।
নিরুপায় হয়ে তখন কিন্তু তোমাকে অভিমান ভাঙাতেই হবে।
কিন্তু আমি খুব সহজেই অভিমান ভেঙে যাওয়ার মতো মানুষ না।
তুমি তখন রাজ্যের চিন্তা নিয়ে সিআরবি সাতরাস্তার মোড়ে এসে বসবে। আর ভাববে কীভাবে এ সমস্যার সমাধান করা যায়। ওপর মহল থেকে ফোন আসছে। জরুরি ব্যবস্থা না নিলে জীবন সংকটের মুখে পড়তে হবে।
আর আমি বিক্ষোভ চালিয়েই যাচ্ছি। অভিমান না ভাঙালে এ বিক্ষোভ আমি থামাব না।
শেষমেশ শহরের সেই বিক্ষোভের বিশাল ভিড় উপেক্ষা করে তুমি ১০১টা নীলপদ্ম নিয়ে এসে জনসমক্ষে আমায় বলবে, ‘তোমাকে ভালোবাসি প্রিয়তম। এবার এই বিক্ষোভের অবসান ঘটাও।’
আমি তখন আর অভিমান করে থাকতেই পারব না।