শহরটি খুবই অচেনা লাগছে
কোলাহলপূর্ণ এ শহর যেন আজ নিস্তব্ধ।
মানুষের আনাগোনা দিন দিন হ্রাসের পথে।
শিশুদের হাসির হট্টগোল আর কানে বাজে না।
প্রতিবেশীদের চিল্লাচিল্লিতে আর বিরক্ত হওয়া হয় না।
শহরটি খুবই অচেনা লাগছে।
হকারদের ডাকে আজ আর কেউ ভিড় বসায় না।
ফুচকার দোকানে আজ আর লাইনের বাহার নেই।
ঝালমুড়ি মামার জন্য আর কেউ অপেক্ষা করে না।
চায়ের দোকানে রাজনীতির আড্ডা আজকাল দেখাই যায় না।
শহরটি খুবই অচেনা লাগছে।
বৃষ্টি হলে আমগাছের নিচে আর একঝাঁক মাথার ঠাঁই হয় না।
যে মেয়েটি বৃষ্টিতে ভিজতে ভালোবাসে,
আজ প্রবল বৃষ্টিতে তারও দেখা নেই।
এ শহরটি খুবই অচেনা লাগছে!
আদৌ কি এ শহর আগের মতো হবে?
প্রচার সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, সাভার