আমি নিখোঁজ সংবাদে

অলংকরণ: তুলি

একটা সময় ছিল—
যখন ভোরের বেলা কাঁচারোদে আমি হাঁটতাম
দেখতাম—প্রকৃতির আড়মোড়া দিয়ে জেগে ওঠা
শুনতাম—প্রকৃতির ঠোঁটে ফুটে ওঠা মিষ্টি ভাষা।

জীবন উল্লাসে মাতা পৃথিবীর সব রং, গন্ধ
সব সুর, নীরবতা—হৃদয় ক্যানভাসে ফুটে উঠত
নিজেকে খুঁজে পেতাম, দেখতাম, অবয়ব তার
আমিত্ব দর্পণে অপরূপ প্রশান্তির প্রতিবিম্ব ভাসে।

দুপুরের পোড়া রোদে পুড়ে যায় পৃথিবীর রং
বাতাসের নিশ্বাসে ওড়ে পুড়ে যাওয়ার গন্ধ
উড়ন্ত পাখির কণ্ঠে ভেসে আসে কোরাস সংগীত
আমিত্বের নির্জনতা ভাঙে বাঁচাও বাঁচাও চিৎকারে।

আয়ুপথে হেঁটে হেঁটে কতদূর এসেছি জানি না
নিজেকে ভেঙেছি ছিটিয়ে দিয়েছি চারিদিকে
সম্পর্কের মুঠভর্তি হাতে—রাস্তা, ঘাটে, পথে ও প্রান্তরে
আমিত্বের ভাঙা দর্পণে আজও নিজেকে দেখা যায়
তবে নিজেকে চেনা যায় না—শত টুকরার প্রতিবিম্বে!