অন্তিম ফাগুন
তোমার নামে একটা আকাশ কেনা আছে।
অন্য আকাশে উড়তে গিয়ে যখন ক্লান্ত হও
তখন না হয় আমার আকাশে এসো।
শীতলপাটি বিছিয়ে রেখেছি,
তুমি এসো,
বসো পাশে।
যেভাবে রাত গভীরে শিশির নামে,
বুনো বাতাসে এলোমেলো হয় প্রকৃতি,
কৃষ্ণপক্ষের চাঁদ ঘরে ফেরে,
উদ্দাম কিশোরী গায়ে জড়ায় একটুকরো আঁচল,
অন্তিম সূর্য করে সাগরে অবগাহন।
যেভাবে সন্ধ্যা নামে বনের হাত ধরে,
তুলসী তলার ঘিয়ের প্রদীপ নিভে যায় সন্তর্পণে,
বাতাসে মিশে যায় ধূপের গন্ধ।
তুমি না হয় সেভাবেই এসো,
সুখ পাখিদের স্বর্গ ছেড়ে এসো।
জানো তো
অতি সুখ অনেক সময় বিরক্তি লাগে।
তুমি সেই অসময়ে এসো,
যখন সুখের অসুখে তুমি দগ্ধ,
শরীরজুড়ে হাজারো সুখেরা তোমার ঘুম কেড়ে নেয়।
সুখ নয়, দুঃখ নয়, অশান্তি নয়, অপ্রাপ্তি নয়,
এক মুঠো মুগ্ধতা আর এক বসন্তের অন্তিম ফাগুন তুলে রেখেছি তোমার জন্য...