একটি অসমাপ্ত ভোর

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কেউ জানে না হঠাৎ কোথা থেকে এল
এক বাজপাখি,
বিষণ্নতায় ছেয়ে গেল চরাচর, কোথায়
লুকিয়ে রাখি।
যেখানে ছিল স্নিগ্ধ জোছনা, সোনালি স্বপ্ন
আর রোদমাখা ভোর,
সেসব এখন নৈঃশব্দ্যের হিমঘরে
নেমেছে আঁধার ঘোর।
অপরিণত স্বপ্নের বীজ শুরুতেই
হলো শেষ,
আঘাতে আঘাতে ফুরিয়ে গেল এক
ফালি খুশির রেশ।
আইনের দেবী পাথর সেজেছে
বিচারের নামে প্রহসন,
দরিদ্র চোখে জলের শ্রাবণ কাঁপে
না তো সিংহাসন।
বিচার চাই না, বিচার চাই না
রাষ্ট্র তোমার থাক!
বুকের বাছাকে ফিরিয়ে দাও
মুছে দাও সব দাগ।
সোনালি রোদে রক্তস্রোতে
ভিজে যায় বালুমাটি,
বাঁচার জন্য বেঁচে আছি লাশের
মিছিলে হাঁটি।
হে নীল প্রজাপতি, ক্ষমা করো না
দুর্বৃত্ত হিংস্রককে,
নিয়তির খাতার প্রতি পাতায়
চিহ্নিত করো তাকে।