লাল–সবুজ আঁচল

বিজয়ের মাসে লাল–সবুজ পতাকাছবি: ফোকাস বাংলা

তোমার জন্য একটা আকাশ রেখেছি
কার্বনমুক্ত শুভ্র ফেনিল স্বচ্ছ আকাশ
যেখানে স্বাধীন পাখিরা আছে
আছে বিস্তীর্ণ প্রান্তরজুড়ে মেঘেদের দল
শব্দ নেই, তবে নির্মল বাতাস রেখেছি
রেখেছি নতুন চকচকে একটি সূর্য
সঙ্গে দিগন্ত প্রসারিত নীল চাদর
চাইলে সেখানে আঁকতে পারো কল্পিত ছবি
অথবা ওড়াতে পারো স্বপ্ন।
বাধা নেই, নেই কোনো তর্জন–গর্জন
নেই অহেতুক সুতো কাটার কোনো ভয়।
চাইলে তুমিও সেখানে ওড়াতে পারো
সদ্য মুক্ত হওয়া লাল-সবুজ আঁচল।