আজকের বাংলাদেশ

অলংকরণ: মাসুক হেলাল

যত দূর জানি,
আজকের বাংলাদেশ গড়তে সময় লেগেছিল অনেক।
এই লাল-সবুজের একটুকরা পতাকা ওড়াতে
রক্ত ঝরেছিল অনেক।
যত দূর জানি, শহীদের সংখ্যাটা ৩০ লাখ!
হতে পারে তারও অধিক!
সাথে কতজন ধর্ষিত হয়েছিল, সে প্রশ্ন আমায় কোরো না,
সে বীভৎস কাহিনি আমি শুনেছি ঠিকই,
বর্ণনা করা আমার দ্বারা হবে না।
যত দূর জানি, বাঙালি লড়েছিল তাদের সর্বস্ব দিয়ে,
কৃষক থেকে শুরু করে শিক্ষক,
ছাত্র থেকে শুরু করে পাড়ার জোয়ান,
ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে,
যাদের ছিল না কোনো যুদ্ধের জ্ঞান,
না জানা ছিল অস্ত্র ধরার কৌশল,
তারাই লড়েছিল সেই হানাদার মিলিটারির বিরুদ্ধে।
এক–এক দিন করে দীর্ঘ নয়টি মাস।
বাংলা মায়ের কোলে জন্মেছিল বাংলাদেশ।
পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল বাঙালি,
জানান দিয়েছিল সকলকে, আমরাও জিততে জানি।
আজকের বাংলাদেশের আসল কারিগর তো তারাই,
আজকের বাংলাদেশের মূল স্তম্ভ তারাই।