হারানো পথিকের উপাখ্যান

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

বহুদিন ধরে মনে হয়—
আমি যেন কোনো প্রাচীন উপাখ্যানের
হারিয়ে যাওয়া এক চরিত্র;
যার হাতে মানচিত্র আছে,
অথচ গন্তব্যের নাম লেখা নেই কোথাও।
কখনো মনে হয়, সেই নাবিক
যে ওডিসিউসের সমুদ্র পেরিয়ে এসেছে,
তবু নিজের ইথাকার সন্ধান পায়নি;
কখনো মনে হয়
সিমুর্গের খোঁজে উড়ে চলা পাখিদের দলে আছি,
অথচ শেষ আকাশ এখনো অনেক দূরে।
জীবনের পথ দীর্ঘ
মরুভূমির পর মরুভূমি,
নক্ষত্রের পর নক্ষত্র;
তবু কূল-কিনারা ক্রমেই সরে যায়।
যত তীরের কাছে পৌঁছাই,
তত বুঝি—সমুদ্র এখনো বাকি।
রাত্রির গভীরে আকাশের দিকে তাকালে
মনে হয়, নক্ষত্ররাও কি জানে তাদের শেষ গন্তব্য?
নাকি তারাও কেবল জ্বলতে জ্বলতে
ভেসে চলে অনন্তের পানে?
হয়তো জীবন কোনো সমাধান নয়;
কোনো চূড়ান্ত প্রাপ্তিও নয়।
হয়তো জীবন সেই অসমাপ্ত যাত্রা,
যেখানে পথিকের কাজ গন্তব্য খুঁজে পাওয়া নয়—
পথের রহস্যকে ভালোবেসে ফেলা।