জোছনার সঙ্গে প্রেম
ছোট্ট একচিলতে বারান্দা আমাদের। মন খারাপ হলেই বসে থাকি। বিকেলে বসে আকাশ দেখি। নীল আকাশে সাদা মেঘ, কিংবা মেঘেদের ভেসে যাওয়া দেখি। মেঘেদের সঙ্গে আমার মন খারাপও দূরে কোথাও ভেসে যায়।
মাঝেমধ্যে গভীর রাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারি না। ঘুমের ওপর বড্ড রাগ হয়। মাথাটা ঝিম ঝিম করে। এই বুঝি মাথা ঘুরে পড়ে যাব, পড়ে যাব মনে হয়। বারান্দায় চেয়ার পেতে বসি। জোছনা দেখি। কী অপূর্ব জোছনার রাত। চোখ সরাতে ইচ্ছে করে না। জোছনার আলোয় মন ভালো হয়ে যায়। আমার বড্ড ভালো লাগে। সারা রাত জেগে থাকতে ইচ্ছে করে। হঠাৎ দূরের মিনার থেকে ভেসে আসে মুয়াজ্জিনের সুমধুর ধ্বনি; হাইয়্যা আলাস সালাহ....
পাখিরা জেগে ওঠে। কিচিরমিচির শব্দে প্রভুর তসবিহ জপে। আমার তখন জোছনার জন্য মন খারাপ হয়। জোছনার দেশে যেতে ইচ্ছে করে। জোছনার আলো গায়ে মাখতে ইচ্ছে করে। ইচ্ছে করে, কোনো এক পবিত্র ভোরের আলোয় জোছনার সঙ্গে হারিয়ে যেতে..!