কখনো ভুলে যেয়ো না

অলংকরণ: তুলি

তোমার কাছে আমি কোনো ভালোবাসা দিবস চাই না,
চাই শুধু মৃত্যু অবধি ভালোবাসার অধিকার।
আমার কোনো উপহার চাই না বিশেষ কোনো দিবসে,
চাই শুধু মন খারাপের দিনে তোমার কিছু সময়ের সঙ্গ।

আমার কোনো দামি শাড়ি বা গহনা চাই না তোমার কাছে,
চাই শুধু আমার কথা মনে করে তোমার দেওয়া ছোট্ট মেসেজ।
আমার জন্য তোমার অজস্র সময় নিয়ে ভাবতে হবে না,
তুমি শুধু অবসরে আমাদের স্মৃতিচারণা করে ফিরে এসো আমার বিষণ্ন প্রহরে গোধূলির মায়া হয়ে মনের কোণে।

তোমার কাছে আমার অভিযোগ নেই কিছু জমা,
খুব বেশি কিছু নেই চাওয়া পাওয়ার হিসাব–নিকাশ।
তোমার অনুভবে মিশে থাকতে চাই সুবাসিত ফুলের মতো গোপনে,
তুমি আমার খোলা চিঠি হৃদয়মাঝে সযত্নে রাখা হলুদ খামে।

আমার জন্য দিনক্ষণ মনে রেখে করতে হবে না কোনো বিশেষ আয়োজন,
তুমি শুধু মনে রেখো প্রতি মুহূর্তে তোমাকে আমার
বেঁচে থাকার কারণে নিশ্বাসের মতোই প্রয়োজন।
আমাকে তোমার চাঁদের সাথে উপমা দিতে হবে না,
শুধু ভালোবাসা দিয়ে জড়িয়ে রেখো চিরকাল কখনো ভুলে যেয়ো না।