বৃষ্টিতে ভিজব বলে

বৃষ্টিতে ভিজব বলেছবি: সৌরভ দাশ

বহুবার কষ্টগুলো উড়িয়ে দিয়েছি
পেঁজা মেঘের ডানায় দূর নীলাকাশে,
তবু বারবার ফিরে আসে
নীড়ে ফেরা পাখির মতো আমার শহরে।

কত কিছুই তো ফেরারি হয় জীবনে
শৈশব-কৈশোর, যৌবনের স্বপ্নভরা সুখ
শুধু ফেরারি হয় না একজন্মের ভালোবাসা
যত্ন করে রাখা কিছু অভিমান আর দুখ।

পূর্ণ হতে হতে একসময় শূন্য হয় সবই
জমা থাকে না কিছুই মাটির দেহে
সবকিছু জমা হয়, শূন্য থেকে মহাশূন্যে
জগতের কায়া শুধুই মায়া, প্রতিচ্ছায়া ঠিক ওপাড়ে—

জল ডানা মেলে হয় মেঘ, উড়ে যায় আকাশে
ফিরে আসে আবার মাটির মায়ায়
সুখ-দুঃখের বৃষ্টি হয়ে ঝরে অজস্র ফোঁটায়
হয়তো তুমি সুখ, নয়তো তুমি দুঃখ
তবু প্রতীক্ষায় বসে থাকি শূন্য দৃষ্টি মেলে
তোমার বৃষ্টিতে ভেজার অনন্ত আশায়—