পরিচয়

প্রতীকীছবি: ফ্রিপিক

সে সহজ
ছদিনের বেড়াতে আসা কিশোরের মতো সে সহজ
আরও সহজ, জানালার ফাঁক গলিয়ে বিকেলের আলো আসার মতো
কিশোরীর নরম গাল বেয়ে কান্না ঝরার মতো সে সহজ।
আছে তার অদ্ভুত বিস্ময়
মাথায় তার রাজ্যের চিন্তা
নাম তোমার জানা নেই যদিও
বাতাবিলেবু ফুলের নামেও ডাকা যায় হয়তো।
ও ঘর থেকে ছুটে আসে চাপা আর্তনাদ
মুখে তার চাঁদের হাসি
তনু তার তালপাতার সেপাই
আরও আছে স্বপ্ন চোখে আকাশছোঁয়া।
রুদ্র,
তোমার ওই উষ্ণ ঠোঁটে চুমু খেয়ে
আমি হয়েছি অমর।
তোমা সনে প্রাণ বিনিময় হবে না আমার।
আর কিছু না হোক
কণ্টকসজ্জা দিয়ো মোরে।