করুণাধারা ঝরে পড়ে

প্রতীকীছবি: অংকিতা দাস

কত ধানখেতে চড়ুইয়ের আসা-যাওয়া
কবুতর, সে তো থাকে হাঁসের মাথায়
তোমার অনন্ত চলে যাওয়া দেখি
চোখের সামনে দুধ উথলে পড়বার মতো।
কী রঙের ফড়িং বসে কাঁধে এসে
কানে কানে বলে শুধু জঞ্জাল কথা
বিশুদ্ধ বাতাসেও দেখি দুর্গন্ধ যত
ঘাসের ওপর জমে থাকে ধূলিকণা।
নূপুরে নাচে কবিতা-গান ঘুমে
শালিক ডাকে জানালার ধারে
শীতের শর্ষে হলুদ ফুল আর বক
ক্ষয়ে যায় গোঙাতে গোঙাতে করুণ
এসব সকলই অলীক বিস্ময়!
চুরি করে নিয়ে যায় সকল প্রণয়
হাসে ওরা কাঠের তক্তার ওপর বসে
স্থির চোখে দেখি মানুষের দুঃখ, ক্লান্তি, অবসাদ
অমায়িক যেন করুণাধারা কারও ঝরে পড়ে।