রেখে দাও তোমার কাছে

অলংকরণ: মাসুক হেলাল

আমাকে রেখে দাও তোমার করে
চুলে গুঁজে রাখা ফুলের মতো করে,
নয়তো টিপের মতো কপালের আবরণে
নিশ্চুপ হয়ে মিশে থাকব,
যেমন করে মিশে থাকে জন্মদাগ।
আমাকে ধরে রেখো তোমার কাছাকাছি  
জরাজীর্ণ ডায়েরির পাতাকে যেমন করে
বেঁধে রাখে মলাট তার উষ্ণতায়,
না হয় তোমার বিরক্ত করা চুলের মতো করে
কানের কাছে গেঁথে রেখো,
আমি আলতো ছোঁয়ার মহানন্দে
বারবার তোমার দিকে তাকিয়ে মুগ্ধ হব।
আমাকে রেখে দাও তোমার খুব কাছে
যত্নশীল হাতের আঙুলে যেমন করে রেখে দাও সোনার আংটি,  
তোমার স্পর্শের খুব কাছে আছি
এইটুকু প্রশান্তি নিয়ে অমরত্ব লাভ করতে চাইব।