এখানে আর এসো না

অলংকরণ: মাসুক হেলাল

কে?
ও তুমি ফিরেছ?
এই অবেলায় হঠাৎ তুমি?
ওহ তোমাকে তো বসতেই বলিনি!
কিন্তু কোথায় বসতে বলি?
আমি এখন ছন্নছাড়া, চালচুলোহীন
শুকিয়ে গেছে বুকের জমিন।
একদিন যেথায় পদ্মকুঁড়ি
আজ সেখানে শ্মশান ডাকা খাঁখাঁ দুপুর।
এই তো আমি দেখো,
আজও আছি আগের মতন।
একলা হাসি, একলা কাঁদি আজও আমার শূন্য ভুবন।
চুলে শুধু পাক ধরেছে, পচন ধরেছে শূন্য মনে।
দেখতে পাচ্ছ? পাবে না তো
জল শুকিয়েছে চোখের কোণে।
তোমার সব কেমন আছে?
ভরা সংসার, ছেলেপুলে সব আছে আগের মতন?
আমার মতো তোমার তো আর উচ্ছন্নে যায়নি জীবন।
শুনলাম মেয়ের বাবা হলে, নাম কী দিলে মেঘবতী?
অপয়া এই নাম দিলে শেষে যদি হয় ক্ষতি।
বদলে দিও, অলক্ষুনে এই নামে ডেকো না আর।
যে চলে যায় কালের স্রোতে কী লাভ তাকে মনে রাখার!
আমি এখন দিব্যি আছি সাথে একলা জীবন।
অবহেলার সাধ্যি কী আর ছুঁতে পারে আমায় এখন।
ফিরে যাও, এখানে আর এসো না।
এ জীবন, এই নাম, এই সময় ভীষণ বেপরোয়া
তোমার আগমন আমার পথচলাকে কখনোই আগলে রাখার ক্ষমতা রাখে না।
ফিরে যাও, তোমার জন্য এই তল্লাটে কিছু আর নেই বাকি....