সারাটা জীবন বন্ধুসভার বন্ধু হয়ে থাকতে চাই

সিলেট বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা
বন্ধুসভা নিয়ে যে ধারণা ছিল, তা পাল্টে গেছে। কারণ, আমি জানতাম, বন্ধুসভা শুধু একটি সাহিত্য, শিল্প ও সংস্কৃতিচর্চার সংগঠন। কিন্তু আজ নতুন করে জানলাম, সংগঠনটি খেলাধুলা, জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে থাকে।

লেখালেখির সুবাদে প্রথম আলো বন্ধুসভা নামটির সঙ্গে ২০২০ সালে আমার পরিচয়। তবে ২০২১ সালে বন্ধুদের লেখা বিভাগে ছড়া লিখে বন্ধুসভার সঙ্গে মনের সম্পর্ক গভীর হয়ে ওঠে। ধারাক্রমে জানতে পারি, এটি সারা দেশে সমাদৃত বন্ধুদের একটি সংগঠন, যেখানে শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের চর্চা হয়। আকাশের সমান বিশাল আগ্রহ থাকার পরও গ্রামে থাকায় শুধু বন্ধুসভার অনলাইনে মাঝেমধ্যে ছড়া লেখা ছাড়া আমার স্বপ্নবাজ কিশোর হৃদয়কে সান্ত্বনা দেওয়ার কিছুই ছিল না।

২০২২ সালে সিলেটে বন্ধুসভার উদ্যোগে আয়োজিত বইমেলায় আমার লেখা ছড়ার বই ‘ছড়ার ঝলক’ একটি স্টলে উঠেছিল। সেই থেকে আগ্রহ বাড়ে সিলেট বন্ধুসভার প্রতি। গ্রামের স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলাম তখন। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সখ্য গড়ে ওঠেনি পুরোপুরি। অবশেষে অধীর অপেক্ষার অবসান হলো। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে লেখাপড়া করায় সিলেটে থাকছি অনেক দিন ধরে। স্বপ্নের সংগঠন বন্ধুসভা থেকে ডাক পেলাম।

নৈতিক আদর্শ, মূল‍্যবোধ, মেধা আর সুশীল রুচির স্বপ্নে গড়া তারকার মতো জ্বলজ্বলে এই সংগঠনের সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে হচ্ছে। বন্ধুসভা নিয়ে যে ধারণা ছিল, তা পাল্টে গেছে। কারণ, আমি জানতাম, বন্ধুসভা শুধু একটি সাহিত্য, শিল্প ও সংস্কৃতিচর্চার সংগঠন। কিন্তু আজ নতুন করে জানলাম, সংগঠনটি খেলাধুলা, জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে থাকে। দেশপ্রেম ও মানুষের কল্যাণে নিজেদের যাঁরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান, তাঁদের প্রয়োজন এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা। ইচ্ছা করছে সারাটা জীবন বন্ধু হয়ে থাকতে, বন্ধুসভা চিরন্তন থাকুক।

বন্ধু, সিলেট বন্ধুসভা