সে নামক দুঃখ

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

ঘরে একটা,
আলতা পরা পায়ের ছাপে—
আলপনার ছবি আসুক।
ঝিঙে তলায়—
নরম হাতে,
সবুজ পাঞ্জাবিতে
কুশিকাটার ফুল আঁকুক!
রান্নাঘরে দুপুরবেলা
শজনে ডাঁটার ডালের গন্ধ—
নিঃশব্দেই ভেসে আসুক!
স্কুল মাস্টারির,
একটা চাকরি আসুক—
দুবেলা দুমুঠো ভাত আসুক।
এসব কিছু আসতে গিয়ে,
ভরদুপুরে—
সে কেবল দুঃখ হয়ে আসে।