কল্পনার জগতে নাড়া দেয় ‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’

ফারুক ওয়াসিফের ‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’

‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’ লেখক ফারুক ওয়াসিফের একটি প্রবন্ধের বই। মূলত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে লেখকের লেখা বিভিন্ন তারিখে পত্রিকায় প্রকাশিত কলামগুলো থেকে বাছাইকৃত লেখাগুলোর সংকলন। বইটি মোট ছয়টি অধ্যায়ে ভাগ করা। প্রতিটি অধ্যায়ের মধ্যে একক শিরোনামে কলামগুলো সাজানো।

প্রথম অধ্যায়: ‘বাসনার রাজনীতি’—এ অধ্যায়ে আছে আমাদের দৈনন্দিন জীবনে গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমের অপকারিতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। পাশাপাশি তরুণদের রুচিবোধ, শৌখিনতা, সৌন্দর্য, আত্মবিশ্বাস, অন্যের প্রতি বিশ্বাস, যৌনবিপ্লবের সূত্রপাত, গণমাধ্যমে যৌনতার প্রভাব এবং যৌনতার বাণিজ্য নিয়ে আলোচনা।

দ্বিতীয় অধ্যায়: ‘কল্পনার কায়েদ’—এখানে নারী অধিকারের ভূমিকা, বৈশাখ, একুশে ফেব্রুয়ারি কিংবা হারানো ঐতিহ্যের জন্য হাহুতাশের কথা বলা আছে। বলা আছে, ভাষা ও শহীদ মিনার নিয়ে রাষ্ট্রের পুঁজিবাজারের কথা, রাষ্ট্রের সোনার বাংলা হারানোর কথা।

চতুর্থ অধ্যায়: ‘দেশের কল্পনা, জাতির ধারণা’—এ অধ্যায়ে বাঙালির আত্মঘাতের ইতিহাসের কথা আছে। আছে জাতীয়তাবাদের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা, সাম্প্রদায়িকতার ব্যবচ্ছেদ, নজরুলের সাম্প্রদায়িক ধারণা, অসাম্প্রতিকতার বাধাবিপত্তি, হিন্দু-মুসলিম বিতর্ক।

ষষ্ঠ অধ্যায়: ‘বিগত দিনের নায়কেরা’—এখানে লেখকের দৃষ্টিতে খ্যাতনামা লেখক, গায়ক ও অভিনেতার সম্পর্কে আলোচনা করা হয়েছে।

‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’ বইটি আগাগোড়া জ্ঞানের আলোচনায় ভরা। একটানা পড়া আমার পক্ষে অসম্ভব হয়েছিল। থেমে থেমে পড়তে হয়েছে। কারণ, এত বেশি জ্ঞানগর্ভ আলোচনা, এত বেশি রেফারেন্স, লেখক ও বইয়ের উক্তি। একটানা পড়ার সময় এক পৃষ্ঠা শেষ করে আরেক পৃষ্ঠায় গেলে আগের পৃষ্ঠা ভুলে যেতে হয়। লেখার প্রবাহে, শব্দের স্রোতে, বাক্য তৈরি ও ব্যবহারে পরিমতবোধ এবং বাক্যের ধারালো ছোঁয়ার কারণে পড়তে গিয়ে ঘোরের মধ্যে ডুবে গিয়েছি কিছু সময়।

আমাদের কাছে যে বিষয়টি সব সময় সাধারণ বলে মনে হয়, তা যে অদূর ভবিষ্যতের একটি মহামারির লক্ষণ, লেখক তা যুক্তিতর্কে বুঝিয়েছেন বেশ চমৎকারভাবে। আজকে সমাজে‌ যৌনতা কীভাবে আসল, নজরুল সাম্প্রদায়িক ছিলেন নাকি অসাম্প্রদায়িক, হিন্দুর কথা এলে আপনাআপনি মুসলিমদের কথা কেন আসে—এমন অনেক প্রশ্নের জবাব আছে বইটিতে। রবীন্দ্রনাথের ‘গোরা’, বেগম রোকেয়ার ‘অবরোধবাসিনী’, আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’ নিয়েও আছে আলোচনা। আছে জীবনানন্দ দাশের কবিতার গভীরের উক্তি। ‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’ বইটি কল্পনার জগতে বাস্তবিক অর্থে নাড়া দেয়। সাধারণের মধ্যে অসাধারণ জ্ঞানের সন্ধান দেয়। জ্ঞানের সন্ধানপিপাসুদের জন্য এবং কলাম লেখায় আগ্রহীদের জন্য বইটি সহায়ক হবে।

সর্বোপরি বইটির প্রচ্ছদ, পৃষ্ঠা, বাঁধাই প্রশংসা পাওয়ার যোগ্য। ২০১৬ সালে অমর একুশে বইমেলায় আগামী প্রকাশনী থেকে প্রকাশিত ১৪৪ পৃষ্ঠার ‘বাসনার রাজনীতি, কল্পনার সীমা’ বইটির মুদ্রিত মূল্য ২৮০ টাকা। বইটি উৎসর্গ করা হয়েছে তোরজা উজানিয়াকে।